আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভার এক কর্মীসভা থেকে জোরাল রাজনৈতিক বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা রেকর্ড করে রাখুন, আমি আপনাদের বন্ধু শুভেন্দু বলছি, এই নির্বাচনে বিজেপি ১৪৮-এর বেশি আসন পাবে।” এখানেই থেমে থাকেননি তিনি। আরও এক ধাপ এগিয়ে দাবি করেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৭৭-এর বেশি আসন জিতে ‘রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার’ গঠন করবে।”
নিজের বক্তব্যে অতীত নির্বাচনের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “১৬-তে ৩, ২১-এ ৭৭, আর ২৬-এ ১৭৭ প্লাস” এই হিসেব কষে বিজেপির ক্রমবর্ধমান শক্তির চিত্র তুলে ধরেন তিনি। পাশাপাশি নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গতবার নন্দীগ্রামে হারিয়েছিলাম, এবার ভবানীপুরে হারাবো”। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন।
এদিন প্রার্থী তালিকা প্রকাশ নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। তিনি বলেন, “ব্রেকফাস্টে ৫৮ লাখ, লাঞ্চে ৭ লাখ, এখনও ডিনার হয়নি— বাকি আছে। বিকেলে চা খেতে খেতে ১৪ লাখ চলে গেছে।” শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পটাশপুরের সভা থেকে শুভেন্দু অধিকারীর আক্রমণাত্মক সুর এবং বড় জয়ের দাবি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি করবে বলেই মনে করছে রাজ্য রাজনৈতিক মহল।
অন্যদিকে, শুভেন্দুর বক্তব্যের কড়া সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের নেতা এবং রাজ্যে ঘাসফুল শিবিরের দলীয় মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “শুভেন্দুর এই কথার মাধ্যমে এটাই বোঝা যায় এই রাজ্যে নির্বাচন কমিশন চলছে শুভেন্দুর অঙ্গুলিহেলনে এবং দেশে বিজেপির। সে কারণেই এভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়টি এরকমভাবে বলছেন তিনি। দ্বিতীয় কথা হল তিনি বলছেন ১৭৭টি আসন পাবেন। বুঝতে পারছি না এত নাম বাদ দিয়েও তিনি কেন একথা বলতে পারছেন না যে ২৯৪টি আসনই পাবেন।”