আবহাওয়ার বড় আপডেট, শুক্রবার থেকে ফের দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি, কতদিন চলবে?
আজ তক | ২৫ মার্চ ২০২৬
ক'য়েকদিনের ঝড়বৃষ্টির পর ফের বাড়তে শুরু করেছে গরমের দাপট। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, ফলে তাপমাত্রা হঠাৎই ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর সঙ্গে থাকবে অস্বস্তিকর আর্দ্রতা, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়াবে।
তবে এই গরম বেশি দিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই আবহাওয়ার মোড় ঘুরবে। শুরু হবে ঝড়বৃষ্টি, যা চলতে পারে সপ্তাহান্ত জুড়ে। সোমবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, তখন আবার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে মার্চ মাস জুড়েই প্রায় নিয়মিত ঝড়বৃষ্টি হয়েছে, আর সেই ধারা মাসের শেষ সপ্তাহেও বজায় থাকবে। আজ ও আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
শুক্রবার থেকে পরিস্থিতির পরিবর্তন শুরু হবে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও এদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই সব এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। রবিবার ঝড়ের দাপট আরও বাড়তে পারে, সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। এই কারণে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবারের পর ঝড় কিছুটা কমলেও সোমবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়ার কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গেও একই ছবি দেখা যাবে। শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারসহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।