• দক্ষিণেশ্বর, কালীঘাট ও তারাপীঠ, BJP-র ভাল রেজাল্ট হতে পারে?
    আজ তক | ২৫ মার্চ ২০২৬
  • পশ্চিমবঙ্গে এবারের ভোটে ধর্মীয় মেরুকরণ হতে চলেছে বলে বারেবারেই দাবি করেছেন বিজেপি নেতারা।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই হিন্দুদের ভোট দিতে আহ্বান করছেন। বিজেপি তো বটেই, এমনকি বাম প্রার্থীদেরও দেখা যাচ্ছে পুজোর অনুষ্ঠানে অংশ নিতে। ফলে বিশেষজ্ঞদের একাংশও মানছেন এবারের ভোটে 'ধর্ম' একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। 

    ছাব্বিশের নির্বাচনে বিজেপি হিন্দু ভোট আরও বেশি সংখ্যক পকেটস্থ করার উদ্দেশে ঝাঁপিয়েছে। এমন পরিস্থিতিতে দেখে নেওয়া যাক রাজ্যের বিখ্য়াত বেশ কয়েকটি পীঠস্থানের বিধানসভা কেন্দ্রে বিজেপির গড় বর্তমানে কতটা শক্তিশালী রয়েছে? 

    দক্ষিণেশ্বর: দক্ষিণেশ্বর মন্দির রয়েছে খড়দা বিধানসভা কেন্দ্রের আওতায়। এই কেন্দ্রে মুসলিম ভোটার প্রার্থী প্রায় ১৩ শতাংশ। খড়দায় এবার বিজেপির প্রার্থী হয়েছেন ড. কল্যাণ চক্রবর্তী। গতবারে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন শীলভদ্র দত্ত। তিনি ৩৩ শতাংশের সামান্য বেশি ভোট কেটেছিলেন। যদিও TMC প্রার্থী কাজল সিনহা ৪৯ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করে। ফলে ২০২১-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকালে দেখা যাচ্ছে, এই কেন্দ্রে BJP-র বেশ ভালো রকম ভোটার রয়েছে। এবার শুধু দরকার মার্জিন বৃদ্ধি করার।

    কালীঘাট: কালীঘাট মন্দির রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের আওতায়। ছাব্বিশের নির্বাচনে এই কেন্দ্র হাই ভোল্টেজ কেন্দ্র। কারণ এখানেই মুখোমুখি লড়ছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ২০২১  সালে এই কেন্দ্রে বিজেপির হয়ে লড়েছিলেন রুদ্রনীল ঘোষ। মোট ভোটের প্রায় ৩৫ শতাংশ ভোট এই আসনেও সুরক্ষিত করেছিলেন তিনি। যদিও পরে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে উপ-নির্বাচনে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ওই আসনে মাত্র ২২ শতাংশ ভোট পান। ফলে এই আসনে ছাব্বিশের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারীর উপস্থিতি, SIR-এ বিপুল সংখ্যক নাম বাতিল পদ্ম শিবিরের অনুকূলে আসতে পারে বলে মনে করছে বিজেপি। যদিও এই কেন্দ্রে প্রায় ২২ শতাংশ মুসলিম ভোটার রয়েছে।

    তারাপীঠ: তারাপীঠ মন্দির রয়েছে রামপুরহাট বিধানসভা কেন্দ্রের মধ্যে। ২৬-এর নির্বাচনে এই আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন ধ্রুব সাহা। ২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ৪৭ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন আশিষ বন্দ্য়োপাধ্যায়। তবে বিজেপি প্রার্থী সুভাষ চৌধুরী এখানে প্রায় ৪৩ শতাংশ ভোট পেয়েছিলেন। ফলে বিজেপি এই আসন নিয়ে আশা দেখতেই পারে। কিন্তু, এই কেন্দ্রে প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোটার রয়েছে। যা চ্যালেঞ্জে ফেলতে পারে বিজেপিকে।

    তারকেশ্বর: পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মালম্বীদের জন্য অন্যতম তীর্থস্থান হল তারকেশ্বরের মন্দির। এই মন্দির রয়েছে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে। ২৬-এর নির্বাচনে এই আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন সন্তু পান। ২০২১ সালে এই আসনে প্রায় ৪৭ শতাংশ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী রমেন্দু সিংহ রায়। তবে ২১-এর নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত এই আসন থেকে প্রায় ৪৩ শতাংশ ভোট পেয়েছিলেন। এই আসনে মুসলিম জনসংখ্যা মাত্র ১০ শতাংশ। ফলে তারকেশ্বরে বিজেপি এবার ভালো ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও উল্টোদিকে ফের রামেন্দু সিংহ রায় প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

    মায়াপুর: মায়াপুরের মন্দির তীর্থপ্রিয় হিন্দু ধর্মালম্বীদের জন্য অন্যতম গন্তব্য।  এই মন্দির রয়েছে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের আওতায়। ২৬-এর নির্বাচনে এই আসনে বিজেপির প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর নস্কর এই কেন্দ্রে ৪০ শতাংশের বেশি ভোট পেয়েও পরাজিত হয়েছিলেন। তৃণমূলের পুণ্ডরীকাক্ষ সাহা পেয়েছিলেন প্রায় ৪৯ শতাংশ ভোট। এই কেন্দ্রে মুসলিম ভোটার রয়েছে প্রায় ২০ শতাংশ। ফলে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে আবারও একবার সেয়ানা সেয়ানা লড়াইয়ে নামতে হতে পারে বিজেপি প্রার্থীকে।

     
  • Link to this news (আজ তক)