• মমতাকে ‘টুকে’ সিপিএমের ‘DD-কে বলো’, প্রচার যুদ্ধে আদৌ হালে পানি পাবেন দীপ্সিতা?
    প্রতিদিন | ২৫ মার্চ ২০২৬
  • ছাব্বিশে শূন্যের গেরো কাটাতে মরিয়া সিপিএম। এবার লালপার্টির অস্ত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘দিদিকে বলো’। মমতাকে নকল করে এবার দমদম উত্তরের বাসিন্দাদের ‘DD-কে বলো’ চালু করলেন বামপ্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। জানা যাচ্ছে, কিউআর কোড স্ক্যান করেই এবার সরাসরি প্রার্থীকে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন এলাকার বাসিন্দারা। দীপ্সিতা নিজেই সোশাল মিডিয়ায় জানিয়েছেন ‘DD-কে বলো’র কথা।

    কাজ, আচরণের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি ঘরের মেয়ে। সকলের সুখেই তাঁর সুখ। তাই বিভিন্নভাবে আমজনতার সঙ্গে বেঁধে বেঁধে থাকতে চেয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সরাসরি আমজনতার সমস্যা শুনতে ‘দিদিকে বলো’ শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। রাজ্যের বহু মানুষ টোল ফ্রি নম্বরে অভিযোগ জানিয়ে সুরাহাও পেয়েছিলেন। ভোটের (WB Assembly Election 2026) মুখে বরাবর রাজ্য সরকার, তৃণমূলের বিরোধিতা করা সিপিএমের অস্ত্র সেই মমতার ‘দিদিকে বলো’। হালে পানি পেতে একই ধাঁচে ‘DD-কে বলো’ চালু করলেন উত্তর দমদমের সিপিএম প্রার্থী দীপ্সিতা।

    বাম প্রার্থী দীপ্সিতা ধর নিজের সোশাল মিডিয়ায় একটি কিউআর কোড পোস্ট করেছেন। সেই পোস্টারে লেখা, ‘বন্ধ স্কুল, খেলার মাঠে তালা, নর্দমার জল জমা হচ্ছে উঠোনে, মশার সিম্ফনিতে ম্যালেরিয়ার নৃত্য নাট্য, রাস্তা দিচ্ছে অফ রোডিং এর থ্রিল। এসব ছাড়া কিছু আছে নাকি? জানান আমাদের।’ অর্থাৎ বলা হচ্ছে, অভিযোগ জানালে তিনি ক্ষমতায় এলে সমাধান করা হবে। তৃণমূলকে টুকে বামেদের এই প্রচার কৌশলকে নিশানা করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।
  • Link to this news (প্রতিদিন)