‘দিল্লির অফিস থেকে ফোন আসছে…,’ দাসপুরের সভা থেকে বিজেপির ‘চক্রান্ত’ ফাঁস করলেন অভিষেক
প্রতিদিন | ২৫ মার্চ ২০২৬
বিজেপির লোক নেই বুথে বসার জন্য! আর তাই তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের মোটা টাকার প্রলোভন দেওয়া হচ্ছে। দাসপুরের জগন্নাথপুরে প্রচারে গিয়ে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বাংলায় দু’দফায় নির্বাচন। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল, এই দুই দফায় ভোট (Bengal Election 2026) রয়েছে। তার আগেই ময়দানে নেমে পড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রার্থীদের সমর্থনে একের পর এক সভা করছেন। এদিন দাসপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী আশিস হুদাইতের সমর্থনে সভা করেন অভিষেক। আর সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ আনেন তিনি।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, ”আমার অফিস থেকে বুথ লেভেল এজেন্ট যারা, তাঁরা যুক্ত। তাঁদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন, বিজেপির দিল্লি অফিস থেকে ফোন আসছে তাঁদের কাছে। বলা হচ্ছে, অনেক তৃণমূল করেছ, আর নয়।” কিন্তু তৃণমূলের কাছে এই বিএলএ-২ রাই শক্তি। কখনই তাঁরা তৃণমূলের সঙ্গে বেইমানি করবে না বলে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তবে এক্ষেত্রে এই সমস্ত বিএলএ-২দের তাঁর পরামর্শ, ”যাঁদের কাছে ফোন যাচ্ছে, ফোনটা ধরবেন। বিজেপি থেকে টাকার অফার পেলে দরদাম করবেন। যদি দু’হাজার টাকা ওরা দিতে চায়, সেটা দরদাম করে ৫০০০ করবেন। ৫০০০ দিতে চাইলে ১০ হাজার টাকা চাইবেন। আর ১০ হাজার টাকা দিতে চাইলে পঞ্চাশ হাজার টাকা চাইবেন। কারণ টাকাটা আপনার। টাকা বিজেপির কাছ থেকে নেবেন আর ভোট করাবেন জোড়াফুলের হয়ে।”
এছাড়াও এদিন ফের একবার তৃণমূলের ‘দশ প্রতিজ্ঞা’র কথা মনে করিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আজীবন বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজেপিকে রীতিমতো তুলোধনা করে তিনি বলেন, ”গত কয়েকদিন আগেই দাসপুরের বিজেপির এক নেতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া মহিলাদের ঘরবন্দি করে রাখার নিদান দিয়েছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে বিজেপি কোনও ব্যবস্থা নেয়নি।” বিজেপিকে নারীবিদ্বেষী বলেও এদিন তোপ দাগেন ডায়মন্ড হারবারের সাংসদ। এছাড়াও এদিন ঘাটাল মাস্টার প্ল্যান-সহ যে সমস্ত উন্নয়ন মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে সেই পরিসংখ্যানও এদিন দাসপুরের সভা থেকে তুলে ধরেন তিনি।