ট্রেনের রিজার্ভেশন টিকিট পেতে সমস্যা, একাধিক বার গাড়ি বদলের ঝক্কি। তার পরে আবার যখন-তখন ট্রেন বাতিল। সে সব ঝক্কি পোহানোর দিন এখন শেষ। এ বার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মুম্বই যাতায়াত করতে পারবেন। সময় লাগবে মোটামুটি ৪০ ঘণ্টা। অর্থাৎ প্রায় দু’দিন। জেলার একটি বেসরকারি Travel Agency এই পরিষেবা শুরু করছে। এ রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক, যাঁরা মুম্বই কাজ করতে যান। এ ছাড়া স্বর্ণশিল্পী, সাধারণ মানুষও রয়েছেন। এই পরিষেবা চালু হলে বিশেষ উপকৃত হবেন তাঁরা।
এপ্রিল মাসের ১২, ১৮ ও ২৫ তারিখ মুম্বই থেকে একটি নন-এসি ও একটি এসি বাস রওনা দেবে ঘাটালের উদ্দেশে। এসি বাসটি ৭০ সিটের। এর মধ্যে ৪৭টি আবার স্লিপার, ২৩টি শুধুই বসে যাওয়ার সিট। স্লিপারের ভাড়া ৫ হাজার ৫০০ টাকা, বসে যাওয়ার সিটের ভাড়া ৫ হাজার টাকা। নন-এসি বাস ৬৫ সিটের। এর ভাড়া মাথা পিছু ৪ হাজার টাকা করে।
বাস কোম্পানির মালিক বিষ্ণুপদ জানা, সৌগত চক্রবর্তী, অনিকেত মণ্ডলরা জানান, গ্রুপ বুকিং অর্থাৎ একসঙ্গে অনেকে মিলে বুকিং করলে ভাড়াতে ছাড়ও পাওয়া যাবে। যদিও সেই ছাড় কতটা, তা আলোচনার মাধ্যমেই ঠিক হবে। প্রতি সপ্তাহে একদিন মুম্বই থেকে ঘাটাল এবং ঘাটাল থেকে মুম্বই এই বাস চলবে।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুর এলাকার বহু মানুষ সোনার কাজ করতে মুম্বই যান। এ ছাড়াও বহু পরিযায়ী শ্রমিক রয়েছেন, যাঁরা বছরের বিভিন্ন সময়ে বাড়িতে আসেন। তাঁরাও উপকৃত হবেন। মুম্বই থেকে বাসে উঠে একেবারে ঘাটালে এসে নামবেন যাত্রীরা। বাসে এসি, নন-এসি, স্লিপার ক্লাস রয়েছে। যে যার সাধ্যমতো, সুবিধামতো টিকিট কাটতে পারবেন।
বাস মালিকরা জানান, এর আগে কোভিডের সময়েও মুম্বই-ঘাটাল বাস পরিষেবা চালু করেছিলেন তাঁরা। এ বার সপ্তাহে একদিন করে এই বাস চলবে।