• বোর্ডিং পয়েন্ট বদল ও রিফান্ডের নিয়ম সংশোধন রেলের
    বর্তমান | ২৫ মার্চ ২০২৬
  • দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ‘বোর্ডিং পয়েন্ট’ পরিবর্তন থেকে ট্রেনের টিকিট বাতিলের পর রিফান্ড প্রাপ্তি। মঙ্গলবার দু’টো ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সংশোধনের ঘোষণা করল রেলমন্ত্রক। বর্তমানে সংরক্ষিত যাত্রী তালিকা তৈরির আগে পর্যন্ত বোর্ডিং পয়েন্ট পরিবর্তনের সুযোগ পান রেল যাত্রীরা। কিন্তু সংশোধনের পর এবার ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত তা করতে পারবেন রেল যাত্রীরা। প্রসঙ্গত, বোর্ডিং পয়েন্ট পরিবর্তনের অর্থ হল, যদি কোনো যাত্রী নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে চড়ার টিকিট কাটেন, প্রয়োজনমতো এবং শর্তসাপেক্ষে তিনি অন্য কোনো স্টেশন থেকে সেই ট্রেনেই উঠতে পারবেন। এক্ষেত্রে তাঁকে কোনো অতিরিক্ত খরচ দিতে হবে না। অন্যদিকে, রেলমন্ত্রক জানিয়েছে যে, এতদিন পর্যন্ত রিফান্ড পাওয়ার জন্য ট্রেনের টিকিট বাতিলের তিনটি ‘স্ল্যাব’ ছিল। তা হল ৪৮ ঘণ্টা, ১২ ঘণ্টা এবং চার ঘণ্টা। সংশোধিত নিয়মে তা পরিবর্তিত হয়ে যাচ্ছে ৭২ ঘণ্টা, ২৪ ঘণ্টা এবং আট ঘণ্টায়। দু’টো ক্ষেত্রেই রেল যাত্রীরা অত্যন্ত উপকৃত হবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

    ট্রেনের টিকিট বাতিলের এই তিনটি সংশোধিত ‘স্ল্যাবে’র অর্থ কী? রেল জানাচ্ছে, যদি কোনো যাত্রী ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা কিংবা তারও আগে টিকিট বাতিল করেন, তাহলে তিনি সবথেকে বেশি রিফান্ড পাবেন। এক্ষেত্রে তাঁকে শুধুমাত্র ন্যূনতম ক্যানসেলেশন চার্জ দিতে হবে। ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে মোট মূল্যের ২৫ শতাংশ ‘পেনাল্টি’ দিতে হবে। টিকিট মূল্যের বাকি ৭৫ শতাংশ ফেরত পাবেন সংশ্লিষ্ট রেল যাত্রী। যদি ট্রেন ছাড়ার ২৪ থেকে আট ঘণ্টা আগে টিকিট বাতিল করেন যাত্রী, তাহলে অর্ধেক টাকা কেটে নেবে রেল। এবং ট্রেন ছাড়ার আট ঘণ্টারও কম সময়ে টিকিট বাতিল করলে কোনো রিফান্ড পাওয়া যাবে না। তবে সংশোধিত নিয়মে রিফান্ডের পরিমাণে কোনো পরিবর্তন করা হয়নি। 

    মঙ্গলবার রেলমন্ত্রী জানিয়েছেন, ই-টিকিটের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই টাকা রিফান্ড হবে। যাঁরা কাউন্টার থেকে টিকিট কাটবেন, তাঁদেরও বাতিলের জন্য সংশ্লিষ্ট ট্রেনের টার্মিনেটিং স্টেশনে যাওয়ার প্রয়োজন হবে না। দেশের যেকোনো স্টেশন থেকেই সেই সুবিধা পাবেন রেল যাত্রীরা। মন্ত্রক জানিয়েছে, শেষ মুহূর্তে যাত্রীদের যাতে কোনো তাড়াহুড়ো করতে না হয়, সেই উদ্দেশ্যেই ‘বোর্ডিং পয়েন্ট’ পরিবর্তন এবং টিকিট বাতিলে রিফান্ড প্রাপ্তির ‘স্ল্যাবে’ সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
  • Link to this news (বর্তমান)