নয়াদিল্লি, ২৫ মার্চ: দেশজুড়ে রান্নার গ্যাসের আকাল। যার জেরে ঘুম ছুটেছে গার্হস্থ্যের। চিন্তায় শিল্প মহলও। কবে পরিস্থিতি ফের স্বাভাবিক হবে? নিরুত্তর মোদি সরকার। এর মধ্যেই নতুন একটি নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
কী বলা হয়েছে ২৪ মার্চ প্রকাশিত ওই নির্দেশিকায়? এখন বাড়ি বাড়ি এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়। কিন্তু যেখানে ইতিমধ্যে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস (পিএনজি) সরবরাহ ব্যবস্থা চালু আছে, সেখানে সেই সংযোগ নেওয়া বাধ্যতামূলক হতে চলেছে। এইজন্য কোম্পানি গ্রাহককে একটি নোটিশ পাঠাবে। তার পরে তিন মাস পর্যন্ত সময় পাবেন গ্রাহক। তার পরেও পিএনজি সংযোগ না নিলে বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তি জারির জন্য এমন যে সময় বেছে নেওয়া হল, তা বিশেষ তাৎপর্যপূর্ণ। পশ্চিম এশিয়ায় চলতি যুদ্ধের ধাক্কায় এলপিজি সংকটে জেরবার দেশ। এই পরিস্থিতিতে মুখ রক্ষায় গার্হস্থ্য এবং বাণিজ্যিক ক্ষেত্রে পিএনজি ব্যবহারের উপরে জোর দিতে চলেছে সরকার। কারণ এর জোগানের ছেদ পড়ার আশঙ্কা তুলনামূলক কম। তবে এই বিজ্ঞপ্তি ঘিরে বিতর্কের মূলে সাধারণ মানুষের উপরে সরকারের চাপিয়ে দেওয়া মনোভাব নিয়ে।