• আত্মীয়ের বাড়িতে থেকে শীতলকুচিতে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী হরিহর দাস
    বর্তমান | ২৫ মার্চ ২০২৬
  • টোটোন বর্মন, শীতলকুচি: শীতলকুচি বিধানসভায় জমে উঠেছে ভোট প্রচারের লড়াই। প্রতিদিনই বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে সংযোগ তৈরির কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস, বিজেপি সহ বামপ্রার্থী। এই পরিস্থিতিতে জনসংযোগ বাড়াতে পিসশ্বশুরের বাড়িতে থেকে ভোট প্রচারে জোর দিয়েছেন তৃণমূল প্রার্থী। শীতলকুচি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজবংশী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যান হরিহর দাস। হরিহরবাবু শীতলকুচি গোঁসাইরহাট হাইস্কুলের শিক্ষক। তিনি কোচবিহার-২ ব্লকের বাসিন্দা হওয়ায় ভোটের প্রচারে ও দলীয় কর্মীদের সঙ্গে সংযোগ রক্ষা করার জন্য শীতলকুচিতে আত্মীয়ের বাড়িতে থাকছেন। যদিও শীতলকুচিতে একটি বাড়িভাড়াও নিয়েছেন বলে জানা গিয়েছে। 

    তৃণমূল প্রার্থী বলেন, আমার বাড়ি কোচবিহারে হলেও আমি এই বিধানসভার নয়ারহাট এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় ও পরে গোঁসাইরহাট হাইস্কুলে শিক্ষকতা করছি। তাই শীতলকুচি আমার পরিচিত এলাকা। সকাল থেকে সন্ধ্যা প্রতিদিন মানুষের মাঝে থাকছি। দলের কর্মীরা পরামর্শ দিচ্ছেন। 

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর যে ভরসা রেখেছেন জয়ী হয়ে তার মান রাখতে চাই। মঝেমধ্যে আত্মীয়ের বাড়িতে থেকে প্রচারে বের হচ্ছি। 

    অপরদিকে, বিজেপির তরফে বিধায়ক রবেণচন্দ্র বর্মনকে এবার প্রার্থী করা হয়নি। তাঁর জায়গায় সাবিত্রী বর্মনকে প্রার্থী করা হয়েছে। প্রার্থীর বাড়ি নয়ারহাট পঞ্চায়েতের অশোকবাড়িতে। তিনি বিজেপির কোচবিহার জেলা মহিলা মোর্চার সহ সভানেত্রীর দায়িত্বে রয়েছেন।

    দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সংগঠন মজবুত করতে তাঁকে বাড়তি কাঠখড় পোড়াতে হবে তা বলাই বাহুল্য। যদিও সাবিত্রীদেবী জানান, বিধায়ক বরেণচন্দ্র বর্মন থেকে শুরু করে সকলেই প্রচারে সাহায্য করছেন। বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। গত নির্বাচনে আমরা এই কেন্দ্রে জয়ী হয়েছি। ভোট প্রচারে বেরিয়ে মানুষের যে উচ্ছ্বাস চোখে পড়ছে, জয়ের ব্যাপারে আমি একশো শতাংশ আশাবাদী। এদিকে, প্রচারে পিছিয়ে নেই সিপিএম প্রার্থী নমদীপ্তি অধিকারী। 

    পেশায় আইনজীবী নমদীপ্তি অধিকারী এর আগেও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন। তিনি জানান, বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি। প্রচারে ভালো সাড়া পাচ্ছি। আমি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। 
  • Link to this news (বর্তমান)