সন্দীপন দত্ত, মালদহ: প্রচারে অভিনব কিছু করা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এবার প্রচারে বেরিয়ে ভোটারের বাড়িতে রান্না করতে দেখা গেল ইংলিশবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুকে।
কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে বদলেছে নির্বাচনি প্রচারের ধরন। দেওয়াল লিখনের পাশাপাশি যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার চলছে, পাড়ায় পাড়ায় চেনফ্ল্যাগের বদলে বসছে বড় বড় কাটআউট, হোর্ডিং। বদল এসেছে প্রার্থীদের ভোট চাওয়ার ধরনেও। সাদা পায়জামা, পাঞ্জাবি পরে দলীয় কর্মীদের সঙ্গে প্রার্থীর হাতজোড় করে ভোট প্রার্থনার ছবি এখন পুরনো। বরং ভোটারদের বাড়িরে ঢুকে কেউ বসে পড়ছেন খুন্তি হাতে রান্না করতে, আবার ক্ষুর হাতে ভোটারের দাড়ি কামিয়ে দিতেও দেখা যাচ্ছে প্রার্থীদের। বাদ গেল না মালদহের ইংলিশবাজারও।
মঙ্গলবার দিনভর ইংলিশবাজার কেন্দ্রের গ্রামাঞ্চলে প্রচার করেন তৃণমূল প্রার্থী। সকালে জহুরাতলায় পুজো দিয়ে প্রচার শুরু করেন আশিস। এরপর যদুপুর ও অমৃতিতে কর্মিসভা করেন। দুপুরের অমৃতি অঞ্চলের ৩৪ নম্বর বুথের বাসিন্দা রাধিকা মণ্ডলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। সকাল থেকে ভোট প্রচার সেরে ক্লান্ত আশিস ওই বাড়িতে ঢুকে দেখেন তাঁর মধ্যাহ্নভোজের জন্য ভাত, ডাল, আলুভাজা রান্না করা হয়েছে। মাছের ব্যবস্থা থাকলেও তখনও রান্না হয়নি। এই দেখে আশিস বসে পড়েন খড়ির উনুনে মাছ রান্না করতে। পরিপাটি করে প্রথমে আলু, মাছ তারপর পেঁয়াজ, মশলা ভেজে মাছের ঝোল রান্না করেন তিনি। দুপুরে মাটির বারান্দায় বসে কলাপাতায় ওই পরিবারের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন তিনি।
আশিস বলেন, বরাবর খুব ভালো রান্না করি। কিন্তু মানুষের জন্য কাজ করতে গিয়ে এখন আর সময় ও সুযোগ হয়ে ওঠে না। তাই এদিন ভোট প্রচারের মাঝে সুযোগ মিলতেই মাছের ঝোল রান্না করে ফেললাম।