• ইস্ট-ওয়েস্ট মেট্রো, স্ক্রিন ডোরের রবারে আগুন, পরিষেবা বিঘ্নে যাত্রী ভোগান্তি
    বর্তমান | ২৫ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রোয় অগ্নিকাণ্ড! অফিস টাইমে সকাল সাড়ে ১০টা নাগাদ হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটের মহাকরণ মেট্র্রো স্টেশনে ঘটনাটি ঘটে। স্ক্রিন ডোর ও প্ল্যাটফর্মের মাঝের রবারের অংশে আচমকা আগুন দেখতে পান রেকের চালক। তা দেখেই ফায়ার অ্যালার্ম বাজান তিনি। তাতে উত্তেজনা ছড়ায় প্ল্যাটফর্ম চত্বরে। মঙ্গলবার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় অগ্নিকাণ্ডের ঘটনায় দু’ঘণ্টারও বেশি পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়। তার জেরে ভোগান্তির শিকার হন যাত্রীরা। মেট্রোর কর্তৃপক্ষের দাবি, বেলা ১২টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলে পরিষেবা স্বাভাবিক হয়। যদিও যাত্রীদের অভিযোগ, এই ঘটনার রেশ ছিল সন্ধ্যা পর্যন্ত। ফলে তালগোল পাকিয়ে যায় মেট্রোর সময়সূচি।

    মহাকরণ স্টেশন ছেড়ে মেট্রো বেরনোর সময় মোটরম্যান অলোক ঘোষ আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। মেট্র্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্ম ও স্ক্রিন ডোরের মধ্যে একটি ফাঁকা জায়গা থাকে। সেই জায়গা ভরাট করা হয় একপ্রকার রবার দিয়ে। প্রতিটি দরজার পিছনে ওই রবার লাগানো থাকে। এটি কুপরিবাহী। শুধু তাই নয়, এই রবারে অগ্নিসংযোগ হওয়ার কথা নয়। কিন্তু, এদিন সেই রবার থেকে স্ফুলিঙ্গ দেখা যায়। প্রাথমিকভাবে মেট্রো কর্তৃপক্ষের অনুমান, রেক চলাচলের জেরে ঘর্ষণের ফলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। সেই তাপের জেরেই কোনোভাবে রবারে আগুন ধরে যায়।

    বিষয়টি মোটরম্যানের নজরে আসায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর কিছুক্ষণের জন্য ইস্ট-ওয়েস্ট রুটে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। জরুরি ভিত্তিতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খুলে দেওয়া হয় রবারের অংশটি। সেই সময় যাত্রী নিরাপত্তার স্বার্থেই পরিষেবা নিয়ন্ত্রিত করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশুশেখর মিশ্র। তাপের কুপরিবাহী রবারে কীভাবে আগুন ধরল? তা নিয়ে তদন্তের নির্দেশ দেন জিএম। শুধু তাই নয়, এনিয়ে একটি উচ্চ পর্যায়ের তদম্ত কমিটিও গঠন করেন তিনি। পরে সেই তদন্ত কমিটি জানিয়েছে, যে অংশে আগুন লেগেছিল, সেখানে ইলেকট্রিক তার নেই। ফলে বৈদ্যুতিক গোলযোগের ঘটনা ঘটেনি। বরং চলন্ত রেকের সঙ্গে সংঘর্ষে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়েছে। তার জেরেই এই অগ্নিকাণ্ড। রবারের ওই অংশটি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে।  

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা পৌঁনে ১টা থেকে পরিষেবা শুরু হয়। যদিও সেক্টর ফাইভগামী ক্ষুব্ধ যাত্রীরা বলেন, অফিস টাইমে মাঝপথেই মেট্রো থেকে নেমে যেতে হচ্ছে।
  • Link to this news (বর্তমান)