পাথরপ্রতিমার জনসভা থেকে উন্নয়নের ‘রিপোর্ট কার্ড’ পেশ করলেন অভিষেক
বর্তমান | ২৫ মার্চ ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: মঙ্গলবার পাথরপ্রতিমার জনসভা থেকে উন্নয়নের রিপোর্ট কার্ড পেশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। এছাড়াও আগামী পাঁচ বছরের উন্নয়নের পরিকল্পনার বার্তা দেন।
নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর এটাই ছিল অভিষেকের প্রথম জনসভা। এখান থেকেই তিনি বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেন। তিনি বলেন, ‘দক্ষিণ ২৪ পরগনার মাটি থেকে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলাম। এই মাটিতেই দাঁড়িয়ে আবার প্রচার শেষ করব। শুরু হল পাথরপ্রতিমা থেকে, শেষ হবে ডায়মন্ডহারবারে। আগামী দিনে ফলতা, বিষ্ণুপুর, মহেশতলা, সাতগাছিয়া, বজবজ, মেটিয়াবুরুজ সহ ডায়মন্ডহারবারের মতো পাথরপ্রতিমাকেও সাজিয়ে তোলা হবে। তবে এই বিধানসভা কেন্দ্রে বর্তমানে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত পাথরপ্রতিমা এত উন্নয়ন দেখেনি। তৃণমূলের আমলে দশগুণ বেশি উন্নয়ন হয়েছে।’ এদিনের সমাবেশ থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড পাথরপ্রতিমায় দলীয় প্রার্থীকে ৪০ হাজারেরও বেশি ভোটে জয়ী করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন কর্মীদের।
তিনি বলেন, ‘অতীতে এই বিধানসভা এলাকায় নদী পারাপারের জন্য দাঁড় টানা নৌকা ও দু’-একটি যন্ত্রচালিত নৌকা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। যে কারণে ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে অসুবিধা হতো। এমনকি, স্থানীয় বাসিন্দারা ঠিকমতো বাজার-হাটে যেতে পারতেন না। এখন ভেসেল চালু হয়েছে। পাশাপাশি নদী বাঁধও বাঁধানো হয়েছে। এছাড়াও গ্রামীণ হাসপাতালে চিকিৎসকের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রসূতি, শিশু ও জরুরি বিভাগের রোগীদের অগ্রাধিকার দিয়ে আলাদা চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর ধারে ৪০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মৎস্যবন্দর তৈরি করা হচ্ছে। এই কাজ সম্পূর্ণ হলে পাথরপ্রতিমা বিধানসভার প্রায় দশ হাজার মৎস্যজীবী উপকৃত হবেন।’
অভিষেক আগামীর পরিকল্পনার বিষয়ে বলেন, ‘এই বিধানসভা ক্ষেত্রে এখনও কিছু কাজ বাকি রয়েছে। গ্রামীণ হাসপাতাল নিয়ে কিছু অভিযোগ রয়েছে। আগামী দিনে সেগুলিকে অগ্রাধিকার দিয়ে তার সমাধান করা হবে। এখানকার বাসিন্দাদের দাবি, আরও বেশি সংখ্যক বাস চালানো হোক। এই দাবিও পূরণ করা হবে। আগামী দিনে এখানে বাস টারমিনাস তৈরি করার পরিকল্পনা করা হবে।’