সোনারপুর উত্তর ও ফলতায় কি প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি? চর্চা এলাকায়
বর্তমান | ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর উত্তর আর ফলতায় কি প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি? এই প্রশ্নকে ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে এলাকায়। ভোট ঘোষণার পর এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে মঙ্গলবার রাত পর্যন্ত কোনো নামই ঘোষণা করেনি পদ্ম পার্টি। বিজেপির দাবি, ঠিক সময়ে নাম ঘোষণা করা হবে। তৃণমূল অবশ্য বিজেপির এই সিদ্ধান্তহীনতা নিয়ে মাথা ঘামাতে রাজি নয়।
বিজেপি এবং সিপিএম দুই দফায় প্রার্থী ঘোষণা করেছে। সোমবার তৃতীয় তালিকা প্রকাশ করে ফলতায় প্রার্থী দিয়েছে বামেরা। কিন্তু বিজেপির তৃতীয় তালিকা নিয়ে এখনও কিছু শোনা যাচ্ছে না। দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই দুই আসনে বিজেপি কাকে প্রার্থী করবে, তা ঠিক করে উঠতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি প্রথম ও দ্বিতীয় দফায় যে তালিকা বেরিয়েছে, তাতে একাধিক কেন্দ্রে প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। তাই বাকি যেক’টি আসনে এখনও নাম ঘোষণা হয়নি, মনে করা হচ্ছে, সেখানে সাবধানে পা ফেলতে চাইছে বিজেপি। তৃণমূল আগেই এই দুই কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে এলাকায় প্রচার, কর্মিসভা শুরু করে দিয়েছে। উলটোদিকে বিজেপির কর্মীরা এখনও বুঝে উঠতে পারছেন না, কী করবেন।
ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান এবারই প্রথম বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন। তিনি দেওয়াল লিখন, ছোটো ছোটো কর্মিসভা থেকে মিছিল করে চলেছেন প্রতিদিন। প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি এই দিক থেকে কয়েক যোজন পিছিয়ে। গত নির্বাচনগুলিতে এই কেন্দ্রে বিরোধীরা কার্যত ধরাশায়ী হয়েছে তৃণমূল প্রার্থীদের কাছে। ২০২১ বা ২০২৪ সালের ভোটে এই দুই আসনে বিরোধীদের অভিযোগ কম ছিল না। কিন্তু সেসব প্রমাণিত হয়নি।
সিপিএম দেরিতে হলেও ফলতায় স্থানীয় নেতা শম্ভু কুর্মীকে টিকিট দিয়েছে। কিন্তু বিজেপি এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে। সোনারপুর উত্তরে পদ্ম পার্টি কয়েকটি বুথে ভালো ফল করলেও সার্বিকভাবে পরাস্ত হয়েছে। গতবার বিজেপি প্রার্থীর সমর্থনে মিঠুন চক্রবর্তী সহ একাধিক হেভিওয়েট নেতা প্রচার করলেও লাভ কিছু হয়নি। বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূলের ফিরদৌসি বেগম। তাই কি এবার বহিরাগত কোনো প্রার্থীর কথা ভাবছে গেরুয়া শিবির? যদিও এক প্রাক্তন অভিনেত্রীর নাম ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। তৃণমূলের একাংশের বক্তব্য, বিজেপির কেউ এখানে প্রার্থী হতে চাইছেন না। তাই প্রার্থীর নাম জানাতে পারছে না তারা।
ফলতার তৃণমূল প্রার্থী বলেন, কে প্রার্থী দেবে, আর কে দেবে না, এসবের মধ্যে আমি ঢুকতে চাই না। আমি দেখব মানুষের জন্য আমি কতটা সময় দিতে পারছি, কতটা কাজ করতে পারছি। অন্যরা কে, কী করল তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি মাধু কুমার বলেন, যথাসময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আমরা ভোটের প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। তৃণমূল কী বলল, তাতে কিছু যায় আসে না।