নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরসিপিআই অর্থাত্ রেভেলিউশনারি কমিউনিস্ট পার্টি। বামফ্রন্টের এই দল কলকাতার চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। সাধারণত তারা মশাল চিহ্নে লড়াই করেন। প্রার্থী হয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সঞ্জয় বসু। স্থানীয় এক বাম সমর্থকের বক্তব্য, আরসিপিআইকে ওই আসন ছাড়ার পর মূলত সিপিএম কর্মী-সমর্থকদের প্রচারের বিষয়ে কোনো তাপ উত্তাপ নেই। সব কেমন যেন হতাশ হয়ে পড়েছে। সত্যিই কি তাই? আরসিপিআই প্রার্থীর নাম ঘোষণার পর হতাশ বামফ্রন্টের বড়ো শরিক? স্থানীয় সিপিএম নেতার বক্তব্য, এসব গুজব। আমরা নিবিড় জনসংযোগ শুরু করব।
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। ২০২১ ও ২০১৬ সালে এই আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছিল। ২০১৪ সালের উপনির্বাচনে এই আসনে সিপিএমের ফৈয়জ আহমেদ খান প্রার্থী হয়েছিলেন। এবার সেই আসনটি ছাড়া হয়েছে আরসিপিআইকে। তাই কি চৌরঙ্গি আসনটিতে বামফ্রন্টের বড়ো শরিক সিপিএম হতাশ হয়ে পড়েছে? স্থানীয় এক সমর্থকের কথায়, কোনো প্রচার, তত্পরতা কিছুই দেখছি না। স্থানীয় সিপিএম নেতা মহম্মদ আতিফ নিসার বলছিলেন, ‘হতাশ কেন হতে যাব? পুরোটাই গুজব।’
ওই বিধানসভায় আরসিপিআইয়ের প্রার্থী হয়েছেন আইনজীবী সঞ্জয় বসু। তাহলে কি প্রচার হচ্ছে? আতিফ বলছিলেন, ‘আমরা ইদের দিন সকালে বৃষ্টির মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। ওই এলাকায় সাধারণ মানুষের কাছে আমরা প্রার্থী নিয়ে পৌঁছে গিয়েছিলাম। তিনি সকলের সঙ্গে আলাপ করেছেন।’ ১৬ মার্চ প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। সকলে যখন প্রায় প্রচারের মধ্যগগনে আরসিপিআইয়ের এই অবস্থা কেন? আতিফ বলছিলেন, ‘আগামী দিনে আমরা নিবিড় জনসংযোগ শুরু করতে চলেছি। বিশেষ করে খেটে খাওয়া মানুষের কাছে আমাদের প্রার্থী পৌঁছে যাবেন।’