• পরকীয়ার কথা জেনে যাওয়ায় স্বামীকে খুন, প্রেমিক সহ গ্রেপ্তার স্ত্রী
    বর্তমান | ২৫ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জেনে যাওয়ায় খুন হতে হল বিজেপির এক কর্মীকে। বাড়ি থেকে ৩০ মিটার দূরে একটি পুকুরের পাড় থেকে উদ্ধার হল তাঁর ক্ষতবিক্ষত দেহ। মৃতের নাম কিশোর দাস (৩৯)। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে রায়দিঘি থানার দিঘিরপাড় বকুলতলা পঞ্চায়েতের মেনা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা নিহতদের বাড়ি যান। তিনি অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পরিকল্পনা করে কিশোর দাসকে খুন করেছে। কিন্তু পুলিশি তদন্তে রাজনৈতিক রং নয়, উঠে আসে পরকীয়ার প্রসঙ্গ। স্ত্রীর পরকীয়ার সম্পর্কের কথা কিশোর জেনে ফেলায় তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে দু’জন। জেরায় বিজেপি কর্মীর স্ত্রী ও তাঁর প্রেমিক স্বীকার যে, তারাই ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে কিশোরকে। নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশ দু’জনকেই গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অনিমা দাস ও গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার তৃণমূলের বুথ সভাপতির ভাই। এদিকে, এই প্রসঙ্গে মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার বলেন, তৃণমূল খুনের রাজনীতি করে না। বিজেপি মিথ্যা অভিযোগ তুলে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোর দাস চাষবাসের কাজ করতেন। তিনি দিঘিরপাড় বকুলতলা পঞ্চায়েতের ২১৬ নম্বর বুথে বিজেপির সহ সভাপতি। তদন্তকারী অফিসার বলেন, প্রতিবেশী গোবিন্দর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরের স্ত্রী অনিমার। তাদের সম্পর্ক আড়াই বছরের উপর। গোবিন্দ নিজেও বিবাহিত। কিশোর এই সম্পর্কের কথা জেনে ফেলায় বাড়িতে অশান্তি চলছিল। এই অশান্তি থেকে চিরতরে মুক্তি পেতে কিশোরকে খুনের পরিকল্পনা করে তাঁর স্ত্রী ও প্রেমিক। সোমবার রাতে বাথরুমে যাবে বলে কিশোরকে বাড়ির বাইরে নিয়ে যায় অনিমা। সেখানে আগে থেকেই লুকিয়ে ছিল গোবিন্দ। কিশোর পুকুরের পাড়ে আসতেই তাঁকে খুন করা হয়। পুলিশ খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটির খোঁজ চালাচ্ছে।

    মৃত কিশোরের আত্মীয় সুস্মিতা দাস বলেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রতিবেশী কাকার সঙ্গে বউদির সম্পর্ক নিয়ে দাদার সংসারে প্রায়ই অশান্তি হত। কিন্তু এভাবে দাদাকে যে খুন করা হবে, তা কখনও ভাবিনি। অভিযুক্তদের কড়া শাস্তি চাই।  খুনে ধৃত অভিযুক্ত।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)