টিকিট না পেয়ে ফেসবুকে ‘বিদ্রোহ’ স্বরূপনগরের বিজেপি নেতার
বর্তমান | ২৫ মার্চ ২০২৬
সংবাদদাতা, বসিরহাট: ফেসবুকে পোস্ট করে ‘বিদ্রোহ’ করলেন স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার। ২০২১ সালে তিনি স্বরূপনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও জয়ী হতে পারেননি। জয়ী হয় তৃণমূল। এবার ওই আসনে প্রার্থী হয়েছেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের ‘ঘনিষ্ঠ’ তারক সাহা।
ফেসবুক পোস্টে বৃন্দাবন লিখেছেন, ‘এটা জানিয়ে রাখছি যে শান্তনু ঠাকুরের সাথে আমার কোনো সম্পর্ক নেই, যারা জানেন না তাদের জন্যও জানিয়ে রাখলাম।’ এই পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটে টিকিট না পেয়ে বিদ্রোহী হয়ে উঠেছেন বৃন্দাবন। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
এই প্রসঙ্গে বৃন্দাবন ঘনিষ্ঠ এক বিজেপি কর্মী বলেন, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ তারক সাহা বিপুল অর্থের বিনিময়ে টিকিট জোগার করেছেন। এই আসনের যোগ্য দাবিদার ছিলেন বৃন্দাবন। দিনের পর দিন দলের ভিত মজবুত করেছেন। এবারে জেতার সুযোগ ছিল। কিন্তু হাতছাড়া হল বিজেপি নেতৃত্বে এই ভুল সিদ্ধান্তে। তিনি আরো বলেন, তারক সাহা অবসরপ্রাপ্ত সেনা কর্মী। অবসর নেওয়ার পরে তৃণমূলে ছিলেন, সুযোগ বুঝে দল বদলেছেন। এই বিষয়ে বিজেপির বসিরহাট জেলার যুব সভাপতি বলেন, কী কারণে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্য করেছেন তা দলের জানা নেই। তবে তার মন্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বৃন্দাবন আমাদের সঙ্গে আছেন। উনি বিজেপির বলিষ্ঠ কার্যকর্তা। এই বিষয় উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, নির্বাচন এলেই বিজেপি নেতাদের মধ্যে গোষ্ঠী কোন্দল দেখা যায় তার এটি বহিঃপ্রকাশ। তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা।