দমদমে ভিডিয়ো ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, থানায় বিজেপি প্রার্থী
বর্তমান | ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বরানগর: ৪৫ সেকেন্ডের নাচের ভিডিয়ো। স্বল্পবসনা মহিলার সঙ্গে হিন্দি গানে নাচছেন এক ব্যক্তি। সাউন্ড সিস্টেমে চলছে গান। পাশে রাখা মদের বোতল। আর এই ভিডিয়োর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দমদমের বিজেপি প্রার্থী তথা বিজেপির উত্তর শহরতলি জেলার প্রাক্তন সভাপতি অরিজিৎ বক্সির নাম। তৃণমূল কংগ্রেসের তরফে পোস্ট করা হয় এই ভিডিয়ো। মুহূর্তে তা ভাইরাল হয়। দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন অরিজিৎবাবু। তাঁর দাবি, ওই ভিডিয়োতে উপস্থিত ব্যক্তির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তাঁকে কালিমালিপ্ত করতে নাম দিয়ে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। দমদম থানা পদক্ষেপ না নিলে নির্বাচন কমিশনের সর্বোচ্চস্তর পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন।
বৃহস্পতিবার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমে পড়েছেন দমদমের প্রার্থী অরিজিৎ বক্সি। এর কয়েক ঘণ্টার মধ্যে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয় তৃণমূলের তরফে। প্রথম দিকে বিষয়টি এড়িয়ে গেলেও কয়েক দিনের মধ্যে পরিস্থিতি অনুধাবন করে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অরিজিৎবাবু। তিনি বলেন, গত চার দিন ধরে একটি নাচের ভিডিয়ো নিয়ে খুব বিতর্ক হচ্ছে। তাতে আমার নাম জুড়ে দেওয়া হয়েছে। আমি নিজে ওই ভিডিয়ো দেখে দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে পাঠাই। এরপর দমদম থানায় তৃণমূলের মুখপাত্রের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি। তাঁর অ্যাকাউন্ট থেকে ওই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ভোটের সময় পরিকল্পিতভাবে আমার চরিত্র হননের জন্য এই ভিডিয়োর সঙ্গে আমার নাম জোড়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দমদম থানা পদক্ষেপ না করলে কমিশন ও প্রশাসনের সর্বোচ্চস্তরে অভিযোগ জানাব।
তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত বলেন, ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তা দেখে আমি পোস্ট করেছি। ভিডিয়োতে যাঁকে দেখা যাচ্ছে তিনি বিজেপি প্রার্থী না হলে, প্রমাণ করুন। তিনি প্রমাণ করে দিলে আমিও ক্ষমা চেয়ে নেব।