• দক্ষিণ ২৪ পরগনায় স্পর্শকাতর বুথের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেল, বাড়বে আরও, শীর্ষে ফলতা ও ক্যানিং পূর্ব
    বর্তমান | ২৫ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগের ভোটে কোন বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে? তার মধ্যে কি কোনো একজন প্রার্থীই ৭৫ শতাংশ ভোট পেয়েছেন? পুনর্নির্বাচন হয়েছে কোন বুথে? এমন সব বিষয়ে খোঁজখবর করে দক্ষিণ ২৪ পরগনায় স্পর্শকাতর বুথের সংখ্যা নির্ধারণ করল নির্বাচন কমিশন। তাদের রিপোর্টে বলা হয়েছে, এই জেলায় ক্রিটিকাল বুথের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। তবে এমন বুথের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে পুলিশ ও প্রশাসন। কারণ স্পর্শকাতর বুথ বিবেচনা করার জন্য এবার নতুন একটি শর্ত যুক্ত করা হয়েছে। সেটি হল, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন নাম ওঠার নিরিখে  কত বাদ গিয়েছে, তার শতাংশ বার করার পর দেখা হবে, কোন বুথে বেশি হারে নাম বাদ গিয়েছে। সংশ্লিষ্ট বিধানসভার মোট নাম বাদের যা হার, তার বেশি যদি কোনো বুথে দেখা যায়, সেক্ষেত্রে সেই বুথকেও স্পর্শকাতর হিসাবে ঘোষণা করতে হবে। এই সংখ্যা একেবারে ভোটের ক’দিন আগে জানা যাবে বলে জানান এক আধিকারিক।

    কমিশন সূত্রে খবর, এই জেলায় ফলতা ও ক্যানিং পূর্বে স্পর্শকাতর বুথের সংখ্যা অনেকটাই বেশি। দু’টিতেই শ’খানেক করে এমন বুথ চিহ্নিত করা হয়েছে। কারণ হিসাবে কমিশনের ব্যাখ্যা, ২০২৪ সালের লোকসভা ভোটে এই দুই কেন্দ্রের অনেক বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল। কোথাও কোথাও গোলমাল হয়েছিল। এদিকে বছরের বেশিরভাগ সময় যেখানে অশান্তি লেগেই থাকে, সেই ভাঙড়ে এখনো পর্যন্ত ৪০-এর বেশি স্পর্শকাতর বুথের খোঁজ পাওয়া গিয়েছে। কলকাতা পুলিশের এলাকার মধ্যে জেলার যেসব শহুরে বিধানসভা আছে, সেখানে এমন বুথ খুব বেশি নেই। কসবা, বেহালা পশ্চিম এবং যাদবপুরে ১০-১৫’র মধ্যে রয়েছে স্পর্শকাতর বুথের সংখ্যা। বেহালা পূর্ব ও টালিগঞ্জে সেটা ১০-এরও কম। পুলিশ জেলার নিরিখে দেখতে গেলে, বারুইপুরের মধ্যে এই ধরনের বুথ বেশি পাওয়া গিয়েছে। তবে একদম শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ার সুবাদে জেলার মধ্যে সর্বনিম্ন স্পর্শকাতর বুথ আপাতত মগরাহাট পূর্ব ও পশ্চিমে। জানা গিয়েছে, ২০২১ ও ২০২৪ সালের নির্বাচনে এই জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল প্রায় এক হাজার। এবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কারণে এখনই ৯০০ ছাড়িয়েছে স্পর্শকাতর বুথের সংখ্যা। এরপর ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর সংখ্যাটা হাজার ছাড়িয়ে যাবে বলেই অনুমান করা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)