• মধ্য ও দক্ষিণ হাওড়ায় প্রার্থী নেই বিজেপির, থমকে প্রচার
    বর্তমান | ২৫ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নির্বাচন ঘোষণার পর কেটে গিয়েছে ৯ দিন। হাওড়া সদরের প্রতিটি বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচারে নেমেছে তৃণমূল ও বাম শিবির। তবে প্রচারের নিরিখে পিছিয়ে বিজেপি। বিশেষ করে মধ্য হাওড়া ও দক্ষিণ হাওড়ার মতো দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে না পারায় কার্যত দিশাহীন পদ্ম শিবিরের কর্মী-সমর্থকরা।

    ঘাসফুল ও বাম প্রার্থীরা দিনভর জনসংযোগ, দেওয়াল লিখন ও প্রচারে ব্যস্ত। অন্যদিকে বিজেপির কর্মীদের অনেকে জানেন না, কার হয়ে প্রচার করবেন। ফলে এই দুই কেন্দ্রে বিজেপির সংগঠন কার্যত স্থবির অবস্থায় রয়েছে। প্রার্থী ঘোষণা নিয়ে দেরি হওয়ায় জল্পনা তুঙ্গে। সম্ভাব্য একাধিক নাম ঘিরে আলোচনা চলছে দলীয় অন্দরে। এরই মধ্যে কর্মীদের একাংশ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন- ‘বহিরাগত’ বা ‘দলবদলু’ প্রার্থী করা হলে প্রচার থেকে সরে দাঁড়াবেন। 

    উল্লেখ্য, বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় হাওড়া জেলার শহর ও গ্রামীণ মিলিয়ে পাঁচটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। তবে উত্তর হাওড়ায় উমেশ রাই এবং ডোমজুড়ে গোবিন্দ হাজরাকে প্রার্থী করা নিয়ে শুরু থেকে অসন্তোষ দানা বাঁধে। উত্তর হাওড়ায় গত দু’বারের পরাজিত প্রার্থীকে ফের টিকিট দেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। দ্বিতীয় দফার তালিকাও বিতর্ক এড়াতে পারেনি। বালির প্রার্থী সঞ্জয় সিংকে ‘বহিরাগত’ তকমা দেওয়া হয়, আর সাঁকরাইলেও প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ চরমে ওঠে।

    দলীয় সূত্রে খবর, তৃতীয় দফার তালিকা ঘিরে বাড়ছে চাপ। মধ্য ও দক্ষিণ হাওড়ায় ‘পূর্বে পরাজিত’, ‘বহিরাগত’ বা ‘দলবদলু’ কাউকে প্রার্থী করা হলে কর্মীদের একাংশ সরাসরি প্রচার বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। দক্ষিণ হাওড়ায় দীর্ঘদিনের সংগঠক ও প্রাক্তন এক জেলা সভাপতির নাম শোনা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি জল্পনা মধ্য হাওড়াকে ঘিরে। এখানে সম্ভাব্য তালিকায় রয়েছেন বিজেপির এক মহিলা মোর্চা নেত্রী, তৃণমূলের টিকিট না পাওয়া এক বিধায়ক এবং পূর্বে পরাজিত এক চিকিৎসক প্রার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিজেপির কয়েকজন প্রবীণ নেতা বলেন, ‘দেওয়াল লিখন তো দূরের কথা, কার হয়ে প্রচার করব সেটাই জানি না। টাকার বিনিময়ে আসন বণ্টনের অভিযোগও উঠছে। এভাবে চলতে থাকলে একুশের মতো বিরোধী আসনে থাকতে হবে দলকে।’ যদিও বিজেপির জেলা সম্পাদক ওমপ্রকাশ সিং দাবি করেন, ‘দল যাকেই প্রার্থী করুক, মানুষ নরেন্দ্র মোদি ও পদ্মফুলকেই সমর্থন করবেন। ক্ষোভ সাময়িক, কর্মীরা সঙ্ঘবদ্ধ।’ অন্যদিকে, এই সুযোগে মধ্য হাওড়ায় তৃণমূলের প্রবীণ প্রার্থী অরূপ রায় ও বাম প্রার্থী ইমতিয়াজ আহমেদ প্রচারে এগিয়ে রয়েছেন। দক্ষিণ হাওড়াতেও তৃণমূলের নন্দিতা চৌধুরী এবং বাম প্রার্থী ডাঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জোরদার প্রচার চালাচ্ছেন।
  • Link to this news (বর্তমান)