কাঁচরাপাড়ায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার, নোয়াপাড়ায় প্রচারে তৃণাঙ্কুর
বর্তমান | ২৫ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়ায় বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের বিরুদ্ধে পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রার্থীর ফ্লেক্সের উপর ওই পোস্টার লাগানো হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘নো ভোট টু অর্জুন জনতা পার্টি।’ কাঁচরাপাড়া জুড়ে বীজপুরের বিজেপির প্রার্থীর বিরুদ্ধে লেখা পোস্টারে ছেয়ে গিয়েছে। রাতের অন্ধকারে লাগানো পোস্টারে লেখা রয়েছে, চোর খুনি চিটিংবাজ বিজেপির বীজপুরের প্রার্থী। প্রার্থী বদল চাই। এই পোস্টার ঘিরে বীজপুরে রাজনীতি তোলপাড়। তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী বলেন, বিজেপির অনেকে প্রার্থীকে সহ্য করতে পারছে না। তারাই হয়ত পোস্টার দিয়েছে। কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, বিজেপির প্রার্থী সম্পর্কে কাঁচরাপাড়ার মানুষেরা জানেন। তৃণমূল কর্মী রাজু কুর্মীকে খুন করে জেল খেটেছেন। পোস্টারকে গুরুত্ব না দিয়ে সুদীপ্ত দাসের বক্তব্য, এসব তৃণমূলের কাজ। বারাকপুর শিল্পাঞ্চলের হাই ভোল্টেজ কেন্দ্র বীজপুরের ভোট প্রচার ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী হালিশহর এবং কাঁচরাপাড়ার বিভিন্ন ওয়ার্ডে এদিন ঘুরে বেড়ান। মানুষের সঙ্গে কথা বলেন। বিজেপি প্রার্থী নিজের স্টাইলে প্রচার চালাচ্ছেন। তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করছেন তৃণমূল প্রার্থীকে।
এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নোয়াপাড়ায় শহিদ বিকাশ বসুর মূর্তিতে মাল্যদান করে মঙ্গলবার থেকে প্রচার শুরু করলেন তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি বলেন, বিকাশ বসুর রক্তে এই জেলায় তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তাঁর খুনের অভিযোগ রয়েছে এমন এক ব্যক্তি এখানে বিজেপির প্রার্থী হয়েছেন। নোয়াপাড়ায় বিকাশ বসুর সেন্টিমেন্ট রয়েছে। ওই প্রার্থী ধোপে টিকবে না। তাঁকে বিকাশ বসুর খুন নিয়ে মানুষের কাছে কৈফিয়ৎ দিতে হবে।
তৃণাঙ্কুরের বাড়ি হালিশহরে। তিনি ১১ মাসের চুক্তিতে বাড়ি ভাড়া করেছেন নোয়াপাড়ায় পাকাপাকি থাকতে। শুক্রবার স্থায়ী অফিস চালু করছেন নোয়াপাড়ায়। উলটো দিকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন সাংসদ অর্জুন সিং গোটা এলাকা চষে বেড়াচ্ছেন। তিনি বলেন, ভোট এলেই বিকাশ বসুর খুন নিয়ে ইস্যু করা হয়। ভোট মিটে গেলে উচ্চবাচ্চ হয় না। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে জিটিএ-তে চাকরি চুরির অভিযোগ রয়েছে, ও দুর্নীতিগ্রস্ত। তাকেও পালটা চ্যালেঞ্জ জানিয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তার বক্তব্য ইডি, সিবিআই আছে তো। তাদের দিয়ে তদন্ত করাতে পারেন।
এদিন ছিল চৈতি ছট। ভাটপাড়া তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা লঞ্চ নিয়ে গঙ্গাবক্ষে পরিদর্শন করেন এবং পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশের জগদ্দল বিধানসভার তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম গঙ্গার ঘাটে গিয়ে পুণ্যার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। বারাকপুরে মসজিদ মোড় থেকে জনসংযোগে শুরু করেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী বাড়ি বাড়ি ঘোরেন বারাকপুর পুরসভার দু’নম্বর ওয়ার্ডে। সঙ্গে ছিলেন তৃণমূলের টাউন সভাপতি তথা স্থানীয় কাউন্সিলার সম্রাট তপাদার।