• উন্নয়ন বনাম পরিবর্তন, ভোটের আগে জোরদার লড়াই বাগনানে
    বর্তমান | ২৫ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: একদিকে উন্নয়নের নিরিখে জয়ের ব্যবধান বাড়ানোর ডাক শাসকদলের, অন্যদিকে বিরোধীদের পরিবর্তনের বার্তা। ভোটের আগে এখন এই দুই ইস্যুকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বাগনান বিধানসভা এলাকায়। এই কেন্দ্রে এবার তৃণমূল তাদের তিনবারের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণাভ সেনকেই (রাজা) প্রার্থী করেছে। অন্যদিকে বিজেপি এবং বাম এখানে নতুন মুখ এনেছে। বিজেপি প্রার্থী করেছে প্রেমাংশু রানাকে আর সিপিএম ভাস্কর ঘোষকে। জয় নিয়ে আশাবাদী তিন প্রার্থীই।

    গত বিধানসভা নির্বাচনে বাগনান বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অরুণাভ সেন বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে ৩০ হাজার ১২০ ভোটে পরাজিত করেছিলেন। অরুণাভ সেন পেয়েছিলেন ১ লক্ষ ৬ হাজার ৪২ ভোট। শতকরা হিসাবে ৫৩.৫ শতাংশ। অন্যদিকে অনুপম মল্লিক পেয়েছিলেন ৭৫ হাজার ৯২২ ভোট, বা মোট প্রদত্ত ভোটের ৩৮.৩ শতাংশ। আর সিপিএম প্রার্থী বসির আহমেদ পেয়েছিলেন ১৪ হাজার ৫৫৫ বা ৭.৩ শতাংশ ভোট। এবার তৃণমূল অরুণাভবাবুকেই প্রার্থী করলেও বিজেপি ও বামেরা নতুন মুখে এনেছে।

    মঙ্গলবার সকালে বাগনানের খালোড় কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন অরুণাভ সেন। হাজারখানেক কর্মী নিয়ে শোভাযাত্রা করে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন তিনি। অনেকেই তৃণমূল প্রার্থীর গলায় মালা পরিয়ে তাঁকে বরণ করে নেন। ভোটের ফল নিয়ে অরুণাভবাবু বলেন, ২০০৯ সাল থেকে প্রতি নির্বাচনে আমরা জয়ের ব্যবধান বাড়িয়েছি। এবারও সেই ট্র্র্যাডিশন বজায় থাকবে, জয়ের ব্যবধান বাড়বে বলে আমাদের আশা।

    যদিও সিপিএম প্রার্থী ভাস্কর ঘোষের দাবি, এবার শাসকদলের বিরুদ্ধে প্রচারে মানুষের ভালো সাড়া পাচ্ছি। মানুষ বাগনানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছে। নির্বাচনের ময়দানে আমি এবারই প্রথম বটে, তবে দীর্ঘদিন ধরেই বাগনানে শাসকদলের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে আছি। ভোটের লড়াইটা মানুষকে সঙ্গে নিয়েই লড়ব। আর বিজেপি প্রার্থী প্রেমাংশু রানার বক্তব্য এবারে বাগনান কেন্দ্র থেকে বিজেপির জয় একশো শতাংশ নিশ্চিত।
  • Link to this news (বর্তমান)