নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও চুঁচুড়া: নির্বাচন আবহে মধ্যেই রামনবমী। এই পরিস্থিতিকে সামনে রেখে হাওড়ায় কড়া প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। দু’বছর আগে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শিবপুরের জি টি রোড। তাই উৎসব ও নির্বাচন মিলিয়ে যাতে কোনো অশান্তি না ছড়ায়, সে ব্যাপারে এবার শুরু থেকেই তৎপর হাওড়া সিটি পুলিশ।
শুক্রবার, ২৭ মার্চ রামনবমীর মিছিল। তার আগে মঙ্গলবার শিবপুরে জি টি রোডের স্পর্শকাতর এলাকা ঘুরে দেখেন সদ্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। কেন্দ্রীয় বাহিনী ও পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে এদিন রুটমার্চ করেন তিনি। উৎসবের আগে এই প্রস্তুতি থেকেই স্পষ্ট, কোনোভাবেই ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। পুলিশ কমিশনার বলেন, ‘রামনবমীর জন্য স্পর্শকাতর এলাকা আগেভাগেই খতিয়ে দেখা হয়েছে। যাতে কোনো অশান্তি না ছড়ায়, সেইমতো পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখা হচ্ছে।’ এদিকে রাজ্যে ভোটের পারদ চড়তে শুরু করেছে। একদিকে জোরদার প্রচার, অন্যদিকে ধর্মীয় শোভাযাত্রা— এই দুইয়ের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষা বড়ো চ্যালেঞ্জ হয়ে উঠেছে প্রশাসনের কাছে। তাই রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় গতবারের তুলনায় অনেক বেশি পুলিশ মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালে রামনবমীর শোভাযাত্রায় শিবপুরের জি টি রোড এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক অশান্তি ছড়িয়েছিল। বহু বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ, গুলি ও বোমাবাজির ঘটনা ঘটেছিল। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবার কড়া নজরদারির পথে হাঁটছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজিপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত জি টি রোডকে একাধিক জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে ডিসি ও এসিপি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে মোতায়েন থাকবে পুলিশ বাহিনী। প্রতিটি গলির মুখে ব্যারিকেড, চারশোর বেশি সিসি ক্যামেরা, ছাদে সশস্ত্র পুলিশ এবং ড্রোনের মাধ্যমেও নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। রামনবমীর দিন সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই রুটে যান চলাচল বন্ধ থাকবে, বিকল্প হিসাবে ব্যবহার করা হবে ফোরশোর রোড। এদিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই শর্তসাপেক্ষে শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, সর্বাধিক ৫০০ জন অংশ নিতে পারবেন ওই শোভাযাত্রায়। সব ধরনের ধাতব অস্ত্র নিষিদ্ধ। একমাত্র প্রতীকী অস্ত্রের অনুমতি রয়েছে। বিকাল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত সময়সীমার মধ্যেই মিছিল করতে হবে। সব মিলিয়ে রামনবমী ঘিরে শিবপুরে কড়া নজরদারি প্রশাসনের। অন্যদিকে, শান্তিপূর্ণভাবে রামনবমীর আয়োজন নিয়ে চন্দননগরে বৈঠক করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। এদিন রামনবমী আয়োজক কমিটির সঙ্গে পুলিশকর্তারা দীর্ঘ আলোচন করেন। বৈঠক শেষে চন্দননগরের কমিশনার সুনীল যাদব বলেন, আইনশৃঙ্খলার অবনতি এড়াতে পরিকল্পনা করা হয়েছে। নিজস্ব চিত্র।