নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইকে ধাক্কা মেরেছিল গাড়ি। তার জেরে বাইক চালকের বিরুদ্ধে বৃদ্ধকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আলিপুর থানা এলাকার চিড়িয়াখানার সামনে। অভিযুক্ত বাইক চালকের ধাক্কায় মাটিতে পড়ে মাথার পিছনের অংশে আঘাত পেয়েছেন বৃদ্ধ নির্মলকুমার দেওয়ান (৭০)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বাইকের চালক আকাশ লাভেট্টিকে গ্রেপ্তার করেছে থানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বাইক নিয়ে আকাশ চিড়িয়াখানার কাছে সিগন্যালে দাঁড়িয়েছিলেন। সিগন্যাল সবুজ হলে তিনি বাইক নিয়ে বের হন। এই সময় একটি গাড়ি উলটোদিক থেকে এসে তাঁর বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। আকাশ গাড়িটিকে আটকান। দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। গাড়িতে ছিলেন নির্মলকুমার দেওয়ান ও তাঁর স্ত্রী। গাড়ি চালাচ্ছিলেন নির্মলবাবুর ছেলে। প্রথমে গাড়ি থেকে কেউ নামেননি। অভিযুক্ত যুবক তাঁদের গাড়ির কাচ নামাতে বলেন। অভিযোগ, তাঁরা কাচ খুললে অশ্লীল কথাবার্তা বলতে শুরু করে যুবক। আচমকা লুকিং গ্লাস ভেঙে দেয়। এরপর গাড়ি থেকে নেমে আসেন নির্মলকুমার দেওয়ান। তিনি প্রতিবাদ করেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন আকাশ। নির্মলবাবুর সঙ্গে তর্ক জুড়ে দিয়ে বলেন, তাঁর বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি ধাক্কা মারার পর ব্যাক করলে বাইকের বিভিন্ন অংশ ভেঙে যায়। এই নিয়ে দু’পক্ষের উত্তপ্ত কথাবার্তা শুরু হয়। অভিযোগ, এই সময় আচমকা অভিযুক্ত নির্মলবাবুকে জোরে ধাক্কা মারে অভিযুক্ত বাইকের চালক। তিনি চিৎ হয়ে রাস্তায় পড়েন। এতে মাথার পিছনে আঘাত পান। রক্ত জমাট বেঁধে যায় মস্তিষ্কে। এরপরই পালিয়ে যান অভিযুক্ত যুবক। বৃদ্ধের ছেলে বাবাকে হাসপাতালে ভরতি করেন। সেখানে সংটজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন। নির্মলবাবুর ছেলে আলিপুর থানায় অভিযোগ করলে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার ধারায় কেস রুজু হয়। বাইকের নম্বরের সূত্র ধরে অভিযুক্ত আকাশকে রাতে গ্রেপ্তার করে পুলিশ।