• ধৃত অস্ত্র পাচারকারীর জামিনের আবেদন নাকচ
    বর্তমান | ২৫ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এসটিএফ। জেল হেপাজতে থাকা সেই দুই অভিযুক্তের মধ্যে একজন মঙ্গলবার কলকাতার বিচারভবনের ভারপ্রাপ্ত মুখ্য বিচারকের কাছে জামিনের আরজি জানায়। ভারপ্রাপ্ত মুখ্য বিচারক শ্রুতিরূপা ঘোষ আবেদন নাকচ করে দেন। বিচারভবনের মুখ্য সরকারি আইনজীবী দেবাশিস মল্লিক চৌধুরী বলেন, ‘জামিন খারিজ হওয়া অভিযুক্তের নাম জিতেন্দ্র প্রসাদ। তার বাড়ি হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায়। এই মামলায় ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ চার্জশিট পেশ করেছে।’ এদিন আদালতে মুখ্য সরকারি কৌঁসুলি ধৃতের জামিনের জোরালো আপত্তি জানান। তিনি বলেন, ‘অভিযুক্ত জামিন পেলে সে চম্পট দিতে পারে। তাতে মামলার শুনানি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ধৃতের জামিনের আরজি খারিজ করা হোক।’ অভিযুক্তের আইনজীবী যে কোনো শর্তে তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান। বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃতের জামিনের আবেদন বাতিল করে দেন।
  • Link to this news (বর্তমান)