• ইরান যুদ্ধে মধ্যস্থতা পাকিস্তানের! কেন ভারত নেই এই ভূমিকায়? জয়শঙ্কর বললেন…
    এই সময় | ২৬ মার্চ ২০২৬
  • আমেরিকা-ইজ়রায়েল ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করতে রীতিমতো তৎপর ইসলামাবাদ। মঙ্গলবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে আলোচনার আয়োজন করতে পারলে তাঁরা ‘গর্বিত’ হবেন। সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর সূত্র অনুযায়ী, বুধবার আমেরিকার ১৫-দফা যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান।

    পাক বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি-র সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছেন তিনি। এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে ভারত কোথায়? ভারত কেন এই মধ্যস্থতাকারীর ভূমিকায় নেই? ভূ-রাজনৈতিক ক্ষেত্রে কী ইসলামাবাদের থেকে পিছিয়ে পড়ছে নয়াদিল্লি?

    বুধবার পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকেও উঠল এই অস্বস্তিকর প্রশ্ন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরহিত্যে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-সহ সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। এক সরকারি সূত্রকে উদ্ধৃত করে ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, বৈঠকে আমেরিকা-ইজ়রায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধী শিবির।

    জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারত কোনও ‘দালাল রাষ্ট্র’ নয়। বিশ্বের ভূ-রাজনৈতিক আঙিনায় কোনও ভাবেই আমরা দালাল ব্রোকারের কাজ করতে পারি না। শুধু তাই নয়, সঙ্কটের সময়ে সরকার মৌন রয়েছে, এই অভিযোগও মানতে চাননি বিদেশমন্ত্রী। তিনি বিরোধীদের জানান, সরকার প্রয়োজন মতো মন্তব্য করছে এবং প্রতিক্রিয়া জানাচ্ছে।

    তবে আমেরিকা-ইজ়রায়েল ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার যতই চেষ্টা চালাক ইসলামাবাদ, ইরান প্রকাশ্যে এমন কোনও আলোচনার কথা অস্বীকার করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে আপসের জল্পনা উড়িয়ে দিয়েছে ইরানের নেতৃত্ব। তাদের মতে আমেরিকা যা করেছে তাকে ‘কূটনীতির প্রতি বিশ্বাসঘাতকতা’ করা বলে।

    প্রসঙ্গত উল্লেখ্য, ওমানে দুই পক্ষের মধ্যে আলোচনা ট্রাম্পের মনোমত না হতেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইজ়রায়েল। যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার পর থেকেই গত ৪ সপ্তাহ ধরে পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে জ্বলছে যুদ্ধের আগুন।

  • Link to this news (এই সময়)