ক্ষমতা হাতে এলে কঠিন থেকে কঠিনতর লড়াইটা সহজ হতে পারে। তাই মেয়ের বিচারের সুবিধার্থে নিজেই গেরুয়া শিবির হাইকম্যান্ডকে ফোন করে জানিয়েছিলেন ভোটে লড়ার ইচ্ছার কথা। নির্যাতিতার মায়ের (RG Kar Victim Mother) সেই ইচ্ছাকেই সম্মান দিয়ে তাঁর ভোটকেন্দ্র পানিহাটিতে, তাঁকেই টিকিট দিল BJP। বুধবার BJPর তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল বাম প্রার্থী কলতান দাশগুপ্ত ও তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে ভোটের ময়দানে নামছেন আরজি কর-এর নির্যাতিতা চিকিৎসককের মা।
মেয়ের ন্যায়বিচারের লড়াইকে সামনে রেখেই ভোটের ময়দানে নামলেও, সেটাই শুধু একমাত্র লক্ষ্য নয় বলে এইসময় লাইভকে জানালেন আরজি কর-এর নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। নির্যাতিতার বাবার কথায়, ‘শুধু আমার মেয়ের ঘটনা নয়, সমস্ত পশ্চিমবঙ্গের মেয়েদের সুরক্ষা নিশ্চিত করাই থাকবে মূল লক্ষ্য।’ এ ছাড়াও পানিহাটির জল যন্ত্রণা ও জঞ্জালের মতো ইস্যুও তাঁদের লড়াইয়ে গুরুত্ব পাবে বলে জানালেন নির্যাতিতার বাবা-মা।
গত সপ্তাহের শেষ দিকেই রাজনৈতিক ময়দানে জোর জল্পনা ওঠে যে এ বার বিজেপি শিবিরে প্রার্থী হতে চলেছেন নির্যাতিতার মা। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘মানুষকে এখানে বেঁচে থাকতে হলে তৃণমূলকে উৎখাত করতে হবে।’ সেই লক্ষ্যেই তিনি বিজেপির প্রতীকে লড়তে চান বলে জানিয়েছিলেন। তাঁর কথায়, মেয়েকে ন্যায়বিচার পাওয়াতে হলে বিজেপিই একমাত্র বিকল্প।
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্ট মাসে আর জি কর মেডিক্যাল হাসপাতালের ভিতর কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। সেই ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। নির্যাতিতা চিকিৎসকের জন্য ন্যায়বিচার চেয়ে রাত জেগেছিল এই শহর থেকে জেলা। মাসের পর মাস জোরদার ভাবে চলেছিল সেই আন্দোলন। Justice For RG Kar-এর দাবি তোলা সেই আন্দোলনের ঝাঁঝ বর্তমানে খানিক ফিকে হলেও জনমানসে বিস্মৃত নয়। ভোটের আগে রাজনীতির ময়দানে আবারও ইস্যু হিসেবে উঠে এল ডিউটি করতে গিয়ে নৃশংস ভাবে খুন হওয়া নির্যাতিতার যন্ত্রণার দলিল।