• শওকতের বক্তব্যে সকলেই অবাক
    আজকাল | ২৬ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই আবহেই আইএসএফ–কে কড়া ভাষায় আক্রমণ করে প্রকাশ্য সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা।

     বুধবার সকালে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের চন্দনেশ্বর ২ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম এবং দলের অন্যান্য স্থানীয় নেতৃত্ব। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা আইএসএফ–এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।

    তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনেই আইএসএফ প্রার্থী দিয়েছে। কিন্তু তাঁর দৃঢ় দাবি, এই ৩১টি আসনের মধ্যে একটি আসনেও আইএসএফ জয়লাভ করতে পারবে না। শুধু তাই নয়, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি আরও বলেন, ‘‌যদি আইএসএফ একটি আসনেও জেতে, তাহলে আমার নামে কুকুর পুষে রাখবেন।’‌ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়েছে।

     শওকত মোল্লার এই বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী শিবিরের প্রতিক্রিয়া কী হয়, এখন সেটাই দেখার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের মুখে এই ধরনের মন্তব্যে নির্বাচনী লড়াই আরও তীব্র হয়ে উঠতে পারে।

     অন্যদিকে, একই সভা থেকে তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামও দলের উন্নয়নমূলক কাজ তুলে ধরে ভোটারদের সমর্থন চান। তিনি দাবি করেন, রাজ্যের উন্নয়ন এবং মানুষের পাশে থাকার জন্য তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা। 

    সব মিলিয়ে, ক্যানিং পূর্বের এই সভা থেকে শওকত মোল্লার বিতর্কিত মন্তব্য নতুন করে নির্বাচনী রাজনীতিতে উত্তাপ বাড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

     
  • Link to this news (আজকাল)