• ইতিমধ্যেই বাদ ১৩ লক্ষ ‘বিচারাধীন’ ভোটার! শুক্রবার ফের তালিকা কমিশনের
    প্রতিদিন | ২৬ মার্চ ২০২৬
  • গত সোমবার অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু সেই তালিকায় কতজনের নাম বাদ সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনকে। চরম বিতর্কের মধ্যে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের প্রায় ৪৮ ঘণ্টা পর নাম বাদের পরিসংখ্যান প্রকাশ্যে এল। কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার পর্যন্ত ৩২ লাখ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ বাদ পড়েছে। অর্থাৎ ১৩ লক্ষ নাম বাদ পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

    গত ২৭ অক্টোবর বাংলায় এসআইআরের কাজ শুরু হয়েছিল। সেদিনের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। মাঝে একটি খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় প্রায় ৫৮ লাখ ভোটারের নাম বাদ যায়। এরপরের প্রকাশিত হওয়া চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ এবং বাদ পড়েছে অতিরিক্ত ৫ লক্ষেরও বেশি। অর্থাৎ সবমিলিয়ে বাতিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। কিন্তু অতিরিক্ত তালিকায় কত নাম বাদ যায় সেদিকে সবার নজর ছিল।

    এরমধ্যেই সোমবার অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু কত নাম বাদ তা নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। কিন্তু বুধবার কমিশন সূত্রে খবর, সোমবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া ২৯ লাখের মধ্যে অতিরিক্ত তালিকায় মাত্র ১০ লাখেরই নাম প্রকাশ করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ‘ই-সাইন’ না আসায় সব নাম প্রথম তালিকায় প্রকাশ করা সম্ভব হয়নি বলেই দাবি কমিশনের। শুধু তাই নয়, ১০ লাখের মধ্যে কত নাম বাদ তাও স্পষ্ট নয়। তবে বুধবার পর্যন্ত ৩২ লাখ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ বাদ পড়েছে। অর্থাৎ ১৩ লক্ষ নাম নতুন করে বাদ পড়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় নাম বাদ প্রায় ৭৬ লাখ ভোটারের। 

    এদিকে আগামী শুক্রবারই আরও একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কমিশনের তরফে জানানো হয়নি। তবে প্রত্যেকদিন অতিরিক্ত তালিকা প্রকাশ করতে চেয়ে ইতিমধ্যে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে কমিশন।
  • Link to this news (প্রতিদিন)