• কোমরে পিস্তল গুঁজে হেঁটে বাংলায় প্রবেশ, গ্রেপ্তার অসমের যুবক
    প্রতিদিন | ২৬ মার্চ ২০২৬
  • কোমরে পিস্তল গুঁজে অসম থেকে বাংলায় ঢোকার সময় গ্রেপ্তার হলেন এক যুবক। নির্বাচনের মুখে সীমানা এলাকা থেকে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃত যুবক অসমের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে অসম-বাংলা সীমানার জোরাই মোড় নাকা পয়েন্ট থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে আজ তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

    ধৃত যুবকের নাম মিনাজুল আলী (২৪)। তাঁর বাড়ি অসমের ধুবড়ি জেলার আগমনি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে জোরাই মোড় নাকা পয়েন্টে অভিযান চালানো হয়। সেই সময় হেঁটে অসম থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছিলেন মিনাজুল। তখনই তাঁকে আটক করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। এরপর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে এক রাউন্ড তাজা কার্তুজ সহ একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্রটি তাঁর কোমরে গোঁজা অবস্থায় ছিল।

    পুলিশ জানিয়েছে, ধৃত যুবক আগ্নেয়াস্ত্রটির কোনও বৈধ লাইসেন্স বা নথি দেখাতে পারেননি। সেই কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবার স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করে পুলিশ। কী কারণে আগ্নেয়াস্ত্রটি বাংলায় নিয়ে আসা হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। সেটি বিক্রি বা হস্তান্তরের কোনও উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)