রেলের চাকরি থেকে অব্যাহতি পাওয়ার আগেই রাজনৈতিক দলে যোগদান করেছেন এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন। তাঁকে রাজগঞ্জ আসনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী হওয়ার পরে প্রচারও শুরু করে দিয়েছেন স্বপ্না বর্মন(Swapna Barman) । কিন্তু নির্বাচনে তাঁর লড়াই করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা এখনও কাটেনি। নিজের ভুল স্বীকার করে, রেলকে নতুন করে চিঠি দেওয়ার জন্য স্বপ্না বর্মনকে নির্দেশ দিয়েছে আদালত।
২০১৮ সালে এশিয়াডে সোনা জিতেছিলেন স্বপ্না। তার পরে ২০২০ সালের ৭ জানুয়ারি উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার (Alipurduar) ডিভিশনের স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। গত মাসেই তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। অভিযোগ, চাকরি থেকে ইস্তফা না দিয়েই রাজনৈতিক দলে যোগ দিয়েছেন তিনি।
চাকরি থেকে ইস্তফা না দিয়েই রাজনৈতিক দলে যোগ দেওয়ায় স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। এই নিয়ে তদন্ত শুরু করেছে রেল (Rail)।
যদিও স্বপ্নার আইনজীবী নিলয় চক্রবর্তীর দাবি, গত ১৬ মার্চ চাকরি থেকে ইস্তফা দিয়েছেন স্বপ্না। তবে রেল তা মঞ্জুর করেনি। শুধু তাই নয়, এই নিয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে মামলাও দায়ের করেন তিনি। ভুল স্বীকার করে তাঁকে রেলের কাছে চিঠি দেওয়ার নির্দেশ দেয় আদালত।
সূত্রের খবর, চিঠি দেওয়া হলেও তা আদালতের নির্দেশ মেনে দেওয়া হয়নি। তাই স্বপ্নাকে নতুন করে রেলকে (Indian Railways) চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি (Jalpaiguri) সার্কিট বেঞ্চের বিচারপতি গৌরাঙ্গ কান্থে।
সার্কিট বেঞ্চের ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্ত মজুমদার বলেন, ‘স্বপ্না বর্মন নির্বাচনে লড়াই করবেন কী না সেটা সম্পূর্ণ তাঁর বিষয়। কিন্তু যেটা আইনে আছে সেটা মানতে হবে। রেলকে যে চিঠি দিতে বলা হয়েছে তা আদালতের নির্দেশ অনুসারে হতে হবে।’ তিনি জানান, আদালতের আদেশ ছিল চিঠিতে যদি স্বপ্না বর্মন তাঁর দোষ স্বীকার করে, চাকরি থেকে অব্যহতি চান এবং যে সমস্ত টাকা তিনি রেলের কাছ থেকে পেয়েছিলেন তা ফেরৎ দিতে রাজি থাকেন তাহলে রেলের তরফে তা যেন বিবেচনা করা হয়। কিন্তু চিঠিতে সেই কথার কিছুই উল্লেখ করা হয়নি।
ডেপুটি সলিসিটর জেনারেল বলেন, ‘স্বপ্নার বিরুদ্ধে রেল শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। হয় তাঁকে শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে হবে, নয়তো ভুল স্বীকার করতে হবে।’
সূত্রের খবর, আইনজীবীকে নিয়ে স্বপ্না বর্মন নতুন করে চিঠি জমা দিয়েছেন আলিপুরদুয়ার ডিআরএম অফিসে। আগামী শুক্রবার এই নিয়ে আদালতে ফের শুনানি হবে।