দলের ঘোষিত প্রার্থীদেরকেই মেনে নিয়ে কাজ করতে হবে কর্মীদের বলে সাফ জানিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। আগেই একাধিক প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি (BJP) কর্মীরা। বুধবার, দলের তৃতীয় প্রার্থী প্রকাশের পরেও দেখা গেল একই চিত্র।
চন্দননগরে (Chandannagar) প্রার্থী করা হয়েছে দীপাঞ্জন গুহকে। তবে তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ বিজেপি কর্মীদের একাংশ। বুধবার রাতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা।
আবার উল্টো চিত্র মালদার (Malda) ইংরেজবাজারে। সেখানে শ্রীরূপা মিত্র চৌধুরীর জায়গায় প্রার্থী করা হয়েছে পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়িকে। তাঁর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস প্রকাশ করেন দলের কর্মীরা।
বিজেপির তৃতীয় তালিকায় চন্দননগর বিধানসভার প্রার্থী হিসাবে দীপাঞ্জন গুহর নাম ঘোষণা করা হয়। বিজেপি কর্মীদের একাংশ তাঁকে প্রার্থী হিসেবে মানতে নারাজ। তাঁকে প্রার্থী করার প্রতিবাদে বাগবাজার এলাকায় জিটি রোডের (GT Road) উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
উল্লেখ্য, দীপাঞ্জন গুহ চুঁচুড়ার (Chuchura) বাসিন্দা। ২০২১ সালের নির্বাচনে চন্দননগর থেকেই বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ইন্দ্রনীল সেনের কাছে। এ বারও তাঁকে প্রার্থী করায় হাতে দলীয় পতাকা নিয়ে রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ দেখান কর্মীরা।‘দীপাঞ্জন গুহ দূর হটো’ স্লোগানও দেন তাঁরা।
অন্য দিকে ইংরেজবাজারের (English Bazar) এবার টিকিট পাননি বিজেপির বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। ওই আসনে বিজেপি-র প্রার্থী করা হয়েছে অম্লান ভাদুড়িকে। তাঁর নাম প্রার্থী ঘোষণা হতেই উচ্ছ্বাস অনুগামী ও কর্মী সমর্থকদের মধ্যে। বাজি ফাটিয়ে, স্লোগান তুলে, দলীয় পতাকা নিয়ে উল্লাস করেন তাঁরা। ফুল-মালায় বরণ করা তাঁকে। অম্লান ভাদুড়ির দাবি, দলের বিধায়ককে গত পাঁচ বছরে সে ভাবে কাজ করতে দেয়নি তৃণমূল পরিচালিত সরকার। এ বার পুরসভার অনুন্নয়ন, দুর্নীতি-সহ পরিবর্তনের ইস্যুতে ভোট হবে বলে জানিয়েছেন তিনি।