পানিহাটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ‘অভয়ার মা’। বুধবারই এই আসনে প্রার্থী হিসেবে তাঁর ঘোষণা করেছে বিজেপি (BJP)। তিনি জানিয়ে দিয়েছেন, ‘অভয়ার মা’ হিসেবেই লড়াই করবেন তিনি। আর কোনও দেরি না করে আজ, বৃহস্পতিবার থেকেই প্রচার শুরু করে দেবেন তিনি।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পানিহাটিতে (Panihati) রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) নির্যাতিতা ও নিহত ডাক্তারি পড়ুয়া অভয়ার মাকে ভোটের ময়দানে দাঁড় করিয়েছে বিজেপি। বিজেপির প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নামার ঘোষণা আগেই করেছিলেন তিনি। তাতেই সিলমোহর দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আইনি জটিলতার কারণে পরিচয় প্রকাশ্যে আনা নিয়ে কিছু বাধা নিষেধ থাকলেও, বর্তমানে অনুমতি মেলায় তাঁকেই প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। আর প্রার্থী হিসেবে নাম দেখে নিজের লড়াইয়ের কৌশল এক প্রকার ঠিক করে নিয়েছেন পানিহাটির এই বিজেপি প্রার্থী। তাঁর নিজের জন্য নয়, পানিহাটির বাসিন্দাদের জন্যই লড়াই করবেন বলেও জানিয়েছেন তিনি।
তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ তাঁদের মৌলিক অধিকার স্বাস্থ্য, শিক্ষা ও নারী নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। নারী সুরক্ষা ও নিরাপত্তার (Women safety) বিষয়টি নিয়েই তিনি বেশি সরব হতে চান।
২০২৪ সালে আর জি কর হাসপাতালে ধর্ষণের পরে নৃশংস ভাবে হত্যা করা হয় অভয়াকে। আদালত ওই হত্যা মামলার রায় দিলেও এখনও ন্যায়বিচার হয়নি বলেও অভিযোগ তাঁর।
তাঁর মেয়ের মৃত্যুর পরেও মহিলাদের উপর নির্যাতন কমেনি। তাই মেয়ের ন্যায়বিচারের লড়াইকে সামনে রেখেই ভোটের ময়দানে নামলেও, সেটাই শুধু একমাত্র লক্ষ্য নয় বলে জানিয়েছেন তিনি।
‘অভয়ার মা’ জানিয়েছেন, দলের নেতৃত্বের নির্দেশ মেনেই তিনি এগোবেন। বৃহস্পতিবার থেকেই প্রচারে নামছেন বলেও জানান তিনি। বলেন, ‘আমি শূন্য। আমার পাওয়ার কিছু নেই, কিন্তু দেওয়ার আছে। আমি শুধু একজন মা নই, আমি ডক্টর অভয়ার মা হিসেবেই লড়াই চালিয়ে যাব’ তাঁর পরাজয় হলে তা হবে পানিহাটির মানুষের হার বলেও মন্তব্য করেন তিনি।
এই আসনে তাঁর লড়াই হবে বাম প্রার্থী (Left front) কলতান দাশগুপ্ত ও তৃণমূল (Trinamool) প্রার্থী তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে।