• আমাকে নয়, মমতাকে ভোট দিন, কর্মীদের বার্তা নবীনের
    এই সময় | ২৬ মার্চ ২০২৬
  • এই সময়, খন্ডঘোষ: প্রার্থীপদ ঘোষণার পরে দলের অভ্যন্তরে প্রবল বিতর্ক, বিক্ষোভ শুরু হয়েছে। বার বার দলের জেলা ও রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করার পরেও সমাধানসূত্র মেলেনি। তার পরেই খণ্ডঘোষ ব্লকের ১০টি পঞ্চায়েত এলাকা–সহ গলসি–২ পঞ্চায়েতের ৭টি এলাকায় কর্মীদের সঙ্গে বৈঠক শুরু করেন খণ্ডঘোষ বিধানসভার তৃণমূল প্রার্থী নবীনচন্দ্র বাগ। জানিয়ে দিলেন, তাঁকে নয়, এই ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২৯৪টি আসনে তিনি–ই আসলে দলের প্রার্থী।

    বুধবার কৈয়র পঞ্চায়েতের মার্কেট কমপ্লেক্স এলাকা লাগোয়া বেশ কিছু অঞ্চলের অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধানদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে অনেকেই এসে নবীনের গলায় মালা পরিয়ে আশীর্বাদ করেন। কেউ আবার তাঁকে আলিঙ্গন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

    কৈয়র অঞ্চলের তৃণমূল নেতা রাজেশ সাহানা বলেন, ‘প্রার্থী ঘোষণার পরে ব্লক সভাপতি গোষ্ঠীর সঙ্গে এমএলএ গোষ্ঠীর বিবাদ শুরু হয়েছিল। আমি বা আমরা ব্লক সেই গোষ্ঠীর সঙ্গে ছিলা। পরে মনে হয়েছে আমরা ভুল করছি। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। আমাদের প্রধান শত্রু বিজেপি। তাদের হারানো আগে দরকার। এর পরে নিজেদের কোনও চাওয়া–পাওয়া থাকলে সেটা নিয়ে আলোচনা হবে। আগে দলকে জেতাতে হবে। সব অভিমান ভুলে আমরা এক হয়েছি। এ লড়াই জেতার লড়াই। আমরা জিতবই।’

    এ দিন কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে নবীন বলেন, ‘আপনারাই দলের সম্পদ। এই কথা আমি নই, আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী সবাই বলেন। আমাকে বেকায়দায় যাঁরা ফেলতে চাইছেন, তাঁরাই না–বিপদে পড়ে যান। সেটাই সবাইকে বলতে চাই। দলের ঊর্ধ্বে কেউ নয়। আপনারা সঙ্গে থাকলে জয় কেউ আটকাতে পারবে না।’ পরে সংবাদ মাধ্যমের সামনে নবীন বলেন, ‘দলের নির্দেশে আমি খণ্ডঘোষ ব্লকের ১০টি অঞ্চলে কর্মিসভা করলাম। ওঁদের সঙ্গে কথা বলেছি। সবাই একজোট হয়েই লড়াই করার কথা বলেছেন। এ বার গলসি ব্লকের ৭টি এলাকায় ঘুরব।’

    তিনি আরও বলেন, ‘আমি কর্মী, নেতৃত্বকে বলেছি, আমাকে ভোট দিতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। ২৯৪ কেন্দ্রে তিনিই আমাদের প্রার্থী। একটা সাম্প্রদায়িক শক্তি প্রত্যেক দিন মাথাচাড়া দিচ্ছে। তাকে থামাতে মমতা বন্দ্যোপাধ্যয়ের হাত শক্ত করতেই হবে।’

  • Link to this news (এই সময়)