• বিরোধীদের আপত্তি উড়িয়ে রাজ্যসভায় পেশ সিএপিএফ বিল
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: বিরোধীদের প্রবল হইচইয়ের মধ্যেই বুধবার রাজ্যসভায় ধ্বনি ভোটে গুরুত্বপূর্ণ সিএপিএফ বিল পেশ করল কেন্দ্রের মোদি সরকার। তবে অমিত শাহের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই তা পেশ করেছেন। এদিন ‘দ্য সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সেস (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) বিল, ২০২৬’ পেশের পর রাজ্যসভায় তা পাসের জন্য আলোচনাও শুরু হয়ে গিয়েছে। 

    বুধবার বিল পেশের তীব্র প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলি। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করে বলেন, এই বিল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। আমি নীরব থেকে এর প্রতিবাদ করব। আমার দু’তিনিট সময়ও চাই না। মাত্র এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে এর বিরোধিতা করা হবে। যদিও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ আপত্তি করেন। তা নিয়ে সামান্য বিতণ্ডাও হয়। অমিত শাহের পরিবর্তে কেন তাঁর ‘ডেপুটি’ রাজ্যসভায় এই গুরুত্বপূর্ণ বিল পেশ করবেন, তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। বিল পেশের বিরোধিতা করে তৃণমূল বুধবার রাজ্যসভা থেকে ওয়াক আউটও করে।  

    কী আছে এই বিলে? কেন্দ্রীয় বাহিনীর উচ্চ শীর্ষ পদে আইপিএসদের নিয়ন্ত্রণ সুনিশ্চিত করার লক্ষ্যেই এই বিল এনেছে কেন্দ্র। অন্তত এমনই অভিযোগ বিরোধীদের। সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবির মতো কেন্দ্রীয় বাহিনীর শীর্ষ পদে ডেপুটেশনে নিয়ে এসে আইপিএসদের বসানো হয়। বাহিনীর মধ্যে থেকে কেউ ডিজি, এডিজি কিংবা এসডিজির মতো পদে বসতে পারেন না। সিএপিএফ বিল, ২০২৬-এ আইপিএসদের জন্য কেন্দ্রীয় বাহিনীর ডিজি এবং এসডিজি পদ সংরক্ষিত করা হয়েছে। এরই পাশাপাশি এডিজি পদে ৬৭ শতাংশ এবং আইজি পদে ৫০ শতাংশ সংরক্ষণ থাকবে আইপিএসদের জন্য। এরই বিরোধিতায় সরব হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, এক্ষেত্রে কেন্দ্র এমনকি সুপ্রিম কোর্টের রায়ও অমান্য করছে। এদিন রাজ্যসভায় ডিএমকে সাংসদ তিরুচি শিবা, সিপিএমের জন ব্রিটাস, কংগ্রেসের অজয় মাকেনও বিল পেশের বিরোধিতা করে সরব হন। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ দাবি করেন যে, যাঁরা বিরোধিতা করছেন, প্রত্যেককে অন্তত চার মিনিট করে বলতে দিতে হবে। তা মানতে চাননি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। বিল পেশ করতে গিয়ে স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, বিরোধীরা যে অভিযোগ করছেন, প্রতিটিই তথ্যগতভাবে ভুল। সরকার কোনো নিয়ম লঙ্ঘন করছে না। বিল পেশের পর রাজ্যসভায় বিরোধীদের সমালোচনা করেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজুও। 
  • Link to this news (বর্তমান)