উত্তরবঙ্গ থেকে ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রীর, ৫ এপ্রিল সভা আলিপুরদুয়ারে
বর্তমান | ২৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে দলের উত্তরবঙ্গ সংগঠনের উপরই বিশেষ ভরসা রাখছে বিজেপি। কারণ দলীয় একাধিক অভ্যন্তরীণ সমীক্ষায় স্পষ্ট যে, কলকাতা ও শহরতলি সহ তামাম দক্ষিণবঙ্গেই বিজেপির সাংগঠনিক পরিস্থিতি মোটেও আশাব্যঞ্জক নয়। এবার সেই উত্তরবঙ্গ থেকেই নিজের নির্বাচনি প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আগামী ৫ এপ্রিল আলিপুরদুয়ারে প্রকাশ্য সমাবেশ করতে পারেন তিনি। বুধবার সংসদ ভবন চত্বরে এব্যাপারে বঙ্গ বিজেপির নেতা রাহুল সিনহা বলেন, আগামী ৫ এপ্রিল আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় এবার বিধানসভা নির্বাচনে বিজেপি যথেষ্ট ভালো ফল করবে। কারণ সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উপর বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে। রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে।
জনসভার আগে প্রধানমন্ত্রীকে দিয়ে একটি ‘রোড শো’ও করানো যায় কি না, ইতিমধ্যেই সেই ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়েছে। আপাতত স্থির হয়েছে, বাংলায় দু’দফার বিধানসভা ভোটের শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘হাই প্রোফাইল’ ভবানীপুর কেন্দ্রে ‘রোড শো’ করতে পারেন। বিজেপির শীর্ষ সূত্রে জানানো হয়েছে যে, একটি নয়। বরং উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’টো জনসভা করতে পারেন। যদিও অন্য প্রকাশ্য সমাবেশ কবে হবে, তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত দিনক্ষণ স্থির হয়নি।