বঙ্গে ভোটের আগে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৫
বর্তমান | ২৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, মালদহ: বিধানসভা ভোটের মুখে বিহার থেকে অস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে পাঁচ অস্ত্র ব্যবসায়ী৷ ধৃতদের নাম সুকদেব শাহ, অমিত কুমার শাহ, গণেশ মাহালদার, মহম্মদ রিয়াজুল ও মহম্মদ আমন। প্রত্যেকেই বিহারের কাটিহারের বাসিন্দা। বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টো দেশি কাট্টা, দু’টো তাজা কার্তুজ ও দুই রাউন্ড গুলি এবং একটি সেভেন এমএম পিস্তল।
বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে পুলিশের নাকা চেকিং৷ বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া থানা এলাকার পাশাপাশি আন্তঃরাজ্য সীমানাতেও নাকা বসিয়েছে পুলিশ। মালদহের চাঁচল থানার বিহার সীমানার নলকুঠিয়াতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এমনই একটি নাকা বসায় তারা। মঙ্গলবার রাত ১০টা ৪৫ নাগাদ নাকা চেকিংয়ে অস্ত্র উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যেই বিহার থেকে আনা হয়েছিল। ভোটের কাজে কাউকে হুমকি দেওয়ার জন্য অস্ত্র আনা হয়েছিল কিনা, তা আমরা খতিয়ে দেখছি। এর পেছনে কোনও চক্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।