• ইটাহার: তালিকা ঘোষণা না হলেও কংগ্রেস ‘প্রার্থী’ অমলের নামে বিশাল হোর্ডিং
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, ইটাহার: রাজ্যে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি কংগ্রেস। কিন্তু তার অপেক্ষায় থাকতে নারাজ হাত শিবির! আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই প্রার্থী হিসেবে অমল আচার্যের নামে বিশাল হোর্ডিং লাগিয়ে ইটাহারে প্রচার শুরু করে দিল কংগ্রেস। হোর্ডিংয়ের পাশাপাশি দেওয়াল লিখনও শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। যদিও কংগ্রেস নেতৃত্বের সাফাই, আবেগপ্রবণ হয়ে কর্মীরা আগাম হোর্ডিং লাগিয়েছেন। পাল্টা খোঁচা মারতে ছাড়েনি জোড়াফুল। 

    কংগ্রেসের প্রার্থী তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। কবে ঘোষণা হবে, জানেন না নেতাকর্মীরা। তবে কয়েক মাস আগে অমল আচার্য কংগ্রেসে যোগ দেওয়ার সময় জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত তাঁকেই ইটাহারের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। ইটাহার ব্লক কংগ্রেসের কর্মীরাও অমলকে প্রার্থী ধরে নিয়ে কয়েক মাস থেকে নির্বাচনি প্রস্তুতি চালাচ্ছেন। ইতিমধ্যে দলীয় নেতা কর্মীদের নিয়ে বুথভিত্তিক বৈঠক ও সাংগঠনিক কাজ লাগাতার চালিয়ে যাচ্ছেন অমলও। কিন্তু এখনও কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ না হওয়ায় প্রচারের ঝাঁঝ বাড়াতে পারছেন না নেতাকর্মীরা। বাড়ি বাড়ি প্রচারও শুরু করতে পারেনি কংগ্রেস। দলীয় সূত্রে খবর, নীচুতলার কর্মীদের উচ্ছ্বাসেও কিছুটা ভাটা পড়েছে।

    তারপরও তৃণমূল শিবিরকে টেক্কা দিতে সমাজ মাধ্যমে পিছিয়ে নেই কংগ্রেসের কর্মীরা। তাঁরা আগেভাগেই অমলকে হাত চিহ্নে ভোট দেওয়ার  আহ্বান জানিয়ে প্রচার শুরু করেছেন। বুধবার তাঁর নামে বড় হোর্ডিং লাগাতে দেখা যায় চৌরঙ্গী মোড় এলাকায়। অমলের নামে শুরু হয়েছে দেওয়াল লিখনও। অমল বলছেন, জেলা থেকে সংকেত পেয়ে প্রচারে নেমে পড়েছি।  এবিষয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল হক বলেন, ইটাহারে অমল আচার্যই আমাদের প্রার্থী। শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তাই কর্মীরা আবেগপ্রবণ হয়ে হোর্ডিং লাগানো এবং দেওয়াল লিখন শুরু করেছে। 

    কংগ্রেসের এই কর্মকাণ্ডকে কটাক্ষ করে ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস জানান, নাম ঘোষণার আগে আতঙ্কে হয়তো প্রার্থীর নামে হোর্ডিং লাগানো শুরু করেছে কংগ্রেস। এটা হাস্যকর বিষয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)