• প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ধস, আটকে পড়লেন শতাধিক পর্যটক
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভয়াবহ ধস। আর এরই জেরে আটকে পড়লেন বহু পর্যটক। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ চুংথাং থেকে লাচেন যাওয়ার রাস্তায় একাধিক জায়গায় ধস নামে। ফলে মাঝপথে আটকে পড়েন অন্তত দু’শো পর্যটক। কোনোমতে তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় একটি গুরুদ্বার ও ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের ক্যাম্পে। সেখানেই মঙ্গলবার গোটা রাত কাটে তাঁদের। বুধবার সকাল থেকে জোরকদমে শুরু হয় ধস সরানোর কাজ। সিকিম প্রশাসন সূত্রে খবর, এদিন সন্ধ্যা পর্যন্ত আটকে পড়া কিছু পর্যটককে লাচুংয়ে পাঠানো সম্ভব হলেও, বেশকয়েকজনকে ফিরিয়ে আনা হয়েছে গ্যাংটকে।

    এদিকে, এখনও নাগাড়ে বৃষ্টি চলছে উত্তর সিকিমে। ফলে লাচুং ও লাচেনে নতুন করে ফের ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে একাধিক জায়গায়। আরও তিনদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছেন সিকিমের আবহাওয়া আধিকারিক গোপীনাথ রাহা।

    মঙ্গনের জেলাশাসক অনন্ত জৈন এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চুংথাং-লাচেন রোডে মঙ্গলবার রাতে ধসের জেরে বেশকিছু পর্যটক মাঝ রাস্তায় আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে আইটিবিপি ক্যাম্প ও গুরুদ্বারে নিয়ে আসা হয়। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরিয়ে রাস্তা মেরামতির কাজে নামে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। রাস্তার হাল ও আবহাওয়া দেখে তবেই এই পথে পর্যটকদের যাতায়াতের অনুমতি দেওয়া হবে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, চুংথাংয়ের কাছে বড়সড় ধসের কারণে প্রায় দু’শো পর্যটক আটকে পড়েছিলেন। একাধিক জায়গায় ধস নেমে পাহাড়ি রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ায় পর্যটকদের গাড়ি এগতে কিংবা পিছতে পারছিল না। অবশেষে ধস সরিয়ে কিছু পর্যটককে লাচুংয়ে পাঠানো সম্ভব হয়েছে। তবে বেশিরভাগ পর্যটক ঝুঁকি নিতে চাননি। ফলে ট্যুর বাতিল করে তাঁরা ফিরে আসতে চান। সেইমতো তাঁদের গ্যাংটকে ফেরানোর ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাসের প্রথম সপ্তাহে পর্যটকদের জন্য লাচেন ও গুরুদংমার লেক যাওয়ার রাস্তা খুলে দেওয়া হয়। এতে চওড়া হাসি ফুটেছিল পর্যটকদের মুখে। পূর্ব সিকিমের ছাংগু, নাথু লার পাশাপাশি উত্তর সিকিমে তুষারপাত চলতে থাকায় ভিড় জমাচ্ছিলেন পর্যটকরা। কিন্তু ধসের জেরে তাল কাটল চেনা ছন্দে। বিপাকে পড়তে হল পর্যটকদের। প্রশাসন সূত্রে খবর, আটকে পড়া পর্যটকদের মধ্যে অনেকেই এ রাজ্যের। তাঁরা প্রত্যেকেই নিরাপদে আছেন। 
  • Link to this news (বর্তমান)