• ডাবগ্রাম-ফুলবাড়িকে পুরসভা করার ইঙ্গিত
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • তারক চক্রবর্তী, শিলিগুড়ি: নির্বাচনি লড়াইয়ে জিতলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে আগামীতে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকাকে নিয়ে পুরসভা করার ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ি শহর সংলগ্ন জাবরাভিটা হাইস্কুল ময়দানে দলীয় প্রার্থী রঞ্জন শীলশর্মার সমর্থনে জনসভায় বক্তৃতা দিতে উঠে ঘুরিয়ে এমনই ইঙ্গিত দিলেন তিনি। আর তৃণমূল নেত্রীর মুখে এমন কথা শুনে করতালিতে মুখোরিত হয়ে ওঠে গোটা মাঠ। 

    শিলিগুড়ি শহর সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকাটি মূলত ডাবগ্রামের দু’টি ও ফুলবাড়ির দু’টি পঞ্চায়েত এলাকা নিয়ে। এই এলাকার একাংশ মানুষ হাট-বাজার থেকে স্কুল-কলেজ কিংবা কাজের খাতিরে শিলিগুড়িতে যান। এই চার গ্রাম পঞ্চায়েতে নগরায়ণের ছোঁয়া বহু আগেই লেগেছে। সম্প্রতি এই এলাকায় একাধিক শপিং মল, বেসরকারি স্কুল, মার্কেট কমপ্লেক্স, নার্সিংহোম, গাড়ি-বাইকের শোরুম হয়েছে। একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানও গড়ে উঠছে। ফুলবাড়িতে মিনি সচিবালয় ‘উত্তরকন্যা’ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই। সমস্ত রকম ব্যবস্থা থাকলেও পুরসভার মতো সুযোগ সুবিধে পাচ্ছে না এখানকার মানুষ। পানীয় জল থেকে শুরু করে বর্জ্য অপসারণ ব্যবস্থা ঠিকঠাক নেই। এছাড়াও পথবাতি, গ্রামীণ রাস্তাঘাটের সমস্যা রয়েছে। কিছু কিছু এলাকায় বর্ষার সময় জলজমার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয়। 

    গ্রাম পঞ্চায়েতের কাছে এই সকল বিষয়ে দাবি করা হলেও প্রয়োজনীয় বরাদ্দ অর্থের অভাবে তা সম্ভব হয় না। খুব স্বাভাবিকভাবেই শহর সংলগ্ন এলাকার মানুষ অন্যান্য একাধিক সুযোগ-সুবিধা ভোগ করে থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে দুর্ভোগে পড়েন। এমন অবস্থায় দীর্ঘদিন ধরে এই চার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের একটাই দাবি, পুরসভার মর্যাদা দেওয়া হোক। এদিন কার্যত সেই দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি মঞ্চে জানান, ইতিমধ্যেই তাঁদের ইস্তাহারে রাজ্যে আরও বেশ কয়েকটি পুরসভা গড়ে দেওয়া হবে বলে প্রস্তাব দেওয়া আছে। সেখানে এই এলাকার নামও থাকতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনি আচরণ বিধি চলায় আমি এই সময় তো মুখে বলতে পারব না। তবে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, নিশ্চিত পরিকল্পনায় থাকবে। 

    আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে এলাকায় খুশির হাওয়া বইছে। জাবরাভিটার স্কুল মাঠ জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল। এরমধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমনকী রাস্তায় ধারে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রীর বক্তৃতা শোনেন মহিলারা। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষের দাবি ও প্রাপ্তি নিয়ে মুখ্যমন্ত্রী যতবার বলেছেন ততবার মহিলাদের উচ্ছ্বাস প্রকাশ, করতালি তৃণমূলের নেতা-কর্মীদের নজরে এসেছে। 

    ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রঞ্জন শীলশর্মাকে মুখ্যমন্ত্রী যখন সকলের সামনে হাত ধরে পরিচয় করিয়ে দিচ্ছিলেন সেই সময় মহিলারা দু’হাত তুলে সমর্থন করার ইঙ্গিত দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী রাজ্যের প্রকল্পগুলির নাম মুখ্যমন্ত্রী একএক করে বলতেই উপস্থিত জনতাকে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)