বহরমপুরে কংগ্রেস এখনও প্রার্থী ঘোষণা না করলেও অধীরের নামে দেওয়াল লিখন শুরু
বর্তমান | ২৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: প্রার্থী তালিকা এখনও ঘোষণা করেনি কংগ্রেস। তবে এসবের আগেই দেওয়াল দখলে টেক্কা দিচ্ছে বহরমপুর। বহরমপুর বিধানসভাতে এবছর হাইভোল্টেজ লড়াই। কংগ্রেস হাইকম্যান্ডের তরফেও প্রার্থী তালিকা নিয়ে মেলেনি কোনও সবুজ সংকেত। কিন্তু রাজনীতির ময়দানে নেমে গিয়েছেন অধীর। বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর চৌধুরীর নামে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে জেলা কংগ্রেস। অধীর চৌধুরীর কেন্দ্রজুড়ে এখন সাজ সাজ রব।
দেওয়ালে হাত চিহ্নের প্রতীক অনেক আগে থেকেই আঁকা হয়েছে। এবার ‘অধীর চৌধুরীকে ভোট দিন’ স্লোগান লিখতে ব্যস্ত দলীয় কর্মীরা।
কাশিমবাজার মনীন্দ্রনগর এলাকায় এই কর্মসূচির নেতৃত্বে দিতে দেখা গেল বহরমপুর পুরসভার বিরোধী দলনেতা হিরু হালদারকে প্রার্থী হিসেবে দলের তরফে কোনও আনুষ্ঠানিক সিলমোহর পড়ার আগেই অধীরের নাম দেওয়ালে ফুটে উঠছে। কেন এই তোড়জোড়? হিরুবাবু বলেন, ‘বহরমপুর মানেই অধীর চৌধুরী। এখানে অন্য কোনও নামের প্রশ্নই ওঠে না। তাই সময় নষ্ট না করে আমরা প্রচারের কাজ শুরু করে দিয়েছি।’
এই বিষয়ে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেন, ‘সব দলেই কিছু অতি-উৎসাহী কর্মী থাকেন। এখানেও হয়তো তাই হয়েছে। ওরাই উৎসাহের বশে এসব করছেন।’
কটাক্ষ করে তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, কংগ্রেস নাকি নিয়ম মেনে চলা দল। তাহলে প্রার্থী ঘোষণার আগে কি করে দেওয়াল লিখন হয়। যদিও এটা তাদের পার্টির ব্যাপার। যতই দেওয়াল লিখুন না কেন, বিধানসভা নির্বাচনেও হার হবে কংগ্রেসের। এখানে কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই। বিজেপির রাজ্য কমিটির সম্পাদক শাখারভ সরকার বলেন, আদৌ প্রার্থী করে কিনা ঠিক নেই, এদিকে দেওয়াল লিখে বসে আছে। গত নির্বাচনে হেরেও শিক্ষা হয়নি। এবারও হারবেন উনি।