• প্রার্থী ঘোষণার আগেই প্রচারে জেলা কংগ্রেসের সহ সভাপতি
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, রামপুরহাট: ভোটের নির্ঘণ্ট আগেই প্রকাশ হয়েছে। হাতে সময়ও বেশি নেই। কাজেই তৃণমূল, বিজেপি প্রার্থীরা জোরকদমে প্রচারে নেমে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছেন। কিন্তু এখনও কংগ্রেস তাঁদের প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি! এনিয়ে কর্মীরাও হতাশ। বিরোধীরাও বলতে শুরু করেছে কংগ্রেস এবার প্রার্থী খুঁজে পাচ্ছে না। এর ফলে ভোট যুদ্ধের শুরুতেই কংগ্রেস অনেকটাই পিছিয়ে গেল বলে মনে করছেন  বিশেষজ্ঞ মহল। এই অবস্থায়  ময়ূরেশ্বর কেন্দ্রের কর্মীদের নিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন জেলা কংগ্রেসের সহ সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। 

    গত ১৫ মার্চ ভোট ঘোষণা হয়েছে। তারপর একে একে তৃণমূল, বিজেপি, সিপিএম, জেইউপি তাঁদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এমনকী, বিজেপি, সি‌পিএম দু’দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কিন্তু জাতীয় দল হয়েও কংগ্রেস নিজেদের প্রার্থীদের নাম এখনও ঘোষণাই করতে পারেনি। এই বিলম্ব নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 

    এদিকে, কংগ্রেস সূত্রে খবর, অনেক আগে থেকেই প্রার্থী নিয়ে প্রস্তুতি ছিল। বিধানসভা পিছু একের অধিক নাম গিয়েছিল। ঝাড়াই বাছাইও হয়ে যায়। কিন্তু অন্যান্য দলের যাঁরা টিকিট পাননি, তাঁরা কংগ্রেসের টিকিট নেওয়ার জন্য দরবার করতে শুরু করেছেন। দল তাঁদের টিকিট দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে। সেজন্য প্রার্থীর নাম ঘোষণায় বিলম্ব হচ্ছে। আগামী ২৮ এপ্রিলের আগে প্রার্থীর নাম ঘোষণার কোনো সম্ভাবনা নেই। এদিকে হেভিওয়েট দলগুলির প্রার্থীরা যে প্রচারে নেমেছে তা নয়, ক্রমশ ঝাঁজ বাড়িয়ে চলেছে। সেখানে প্রার্থীর হদিশ না পেয়ে হতাশ হয়ে পড়ছেন  হাত শিবিরের কর্মীরা। এই পরিস্থিতিতে কম সময়ের মধ্যে কীভাবে বাড়ি, বাড়ি প্রচার ও মানুষের কাছে পৌঁছনোর টার্গেট পূরণ করা যাবে স্থানীয় কংগ্রেসের নেতা থেকে কর্মীরা তা নিয়ে চিন্তায় পড়েছেন।

    ময়ূরেশ্বরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অভিজিৎ রায়ের বাড়ি রায়পাড়া থেকে সৈয়দ কাসাফদ্দোজা প্রচার শুরু করেন। এরপর ছোটতুড়ি গ্রাম, কলেশ্বর, ঢেকা সহ একাধিক গ্রামে গিয়ে জনসংযোগ সারছেন। ওই কংগ্রেস নেতা বলেন, আগে থেকে প্রার্থী ঘোষণা হলে প্রস্তুতিটা থাকে। দেরি হওয়ায় কর্মীরাও হতাশাগ্রস্থ হয়ে পড়ছেন। তাই প্রচারে নেমে পড়েছি। এখানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। আর বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, তিনি অফিসিয়াল টিমের নন। দীর্ঘদিন তিনি দলের কাজকর্মের বাইরে ছিলেন। প্রচারে নেমে মানুষের যা সাড়া পাচ্ছি, তাতে কংগ্রেস এখানে ভালো ফল করবে। এদিকে, কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, হয়তো এই সপ্তাহের শেষে প্রার্থী ঘোষণা হতে পারে। তবে নির্দিষ্ট কোন দিন হবে সেটা জানি না। কংগ্রেসের কেউ না কেউ তো প্রার্থী হবেনই। তাই কোনো প্রার্থীর নাম না করে প্রচারে নামার জন্য বলা হয়েছে।  

    যদিও ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বলেন, এখানে কংগ্রেস কোনও ফ্যাক্টর নয়, তাঁদের কোনও সংগঠনও নেই। তাই তাঁদের কে প্রার্থী হল, কে প্রচারে নামল তা নিয়ে আমাদের  মাথাব্যাথা নেই।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)