• আইএসএফ প্রার্থী আরও ৫ কেন্দ্রে , বাসন্তী আসনে নাম ঘোষণা করায় নয়া জট আরএসপির সঙ্গে
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করল নৌশাদ সিদ্দিকির দল আইএসএফ। বুধবার ফুরফুরা শরিফ থেকে পাঁচটি কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে তারা। এর আগে সোমবার ২৩টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। অর্থাত্ সব মিলিয়ে এখনো পর্যন্ত ২৮টি কেন্দ্রে প্রার্থী দিল আইএসএফ। কিন্তু যেসব আসন নিয়ে বামফ্রন্টের সঙ্গে তাদের জট ছিল, যেমন পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম ও মুরারই, সেগুলো থেকে প্রার্থী প্রত্যাহারের পথে হাঁটল না আইএসএফ। এর পাশাপাশি আরএসপির সঙ্গে আইএসএফের জট প্রকাশ্যে এল।

    এদিন নৌশাদ ফোনে বলেন, ‘মঙ্গলবার রাতে আমাদের প্রতিনিধি দল আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে আলোচনা করেছে। আমরা আমাদের কোর আসনগুলো ছাড়তে পারব না। একথা স্পষ্ট করেই জানানো হয়েছে। আমার আশা, বামফ্রন্টের কাছ থেকে নিশ্চয় আশানুরূপ ফল পাব।’ 

    আইএসএফের খাম চিহ্নে মিনাখাঁ থেকে প্রতীক মণ্ডল, বাসন্তী থেকে অসিত রায়, মন্দিরবাজার থেকে অশোককুমার গায়েন, উলুবেড়িয়া পূর্ব থেকে আনসার আলি শেখ ও জগৎবল্লভপুর থেকে নজিরা খাতুন লড়াই করবেন।

    প্রসঙ্গত, বাসন্তী কেন্দ্রটিতে বামফ্রন্টের শরিক দল আরএসপি প্রার্থী দেওয়ার আবেদন জানিয়েছিল। এদিন আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড় বলেন, ‘বাসন্তী আসনে আমরাই লড়াই করছি। বামফ্রন্টের সঙ্গে বৈঠকের ভিত্তিতেই কথা হয়েছে। জেলাকেও জানিয়ে দিয়েছি। বিমান বসু ও মহম্মদ সেলিমের সঙ্গে বৃহস্পতিবার সকালে বৈঠক করে বাকিটা ঠিক করে নেব।’

    অন্যদিকে, এদিন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক বসেছিল। সূত্রের খবর, সেখানেও আইএসএফের সঙ্গে জটের প্রসঙ্গ উঠেছিল। আইএসএফ ফুরফুরা থেকে কী ঘোষণা করে, তার উপরেই নজর রেখেছিলেন সিপিএমের নেতারা। নয়া জট কীভাবে কাটানো যায়, তাঁদের নজর এখন সেদিকেই।
  • Link to this news (বর্তমান)