নির্বাচনের জন্য প্রথমবার অনলাইন পরীক্ষায় সব ডিএম, এসপি, সিপি! কমিশনের অভূতপূর্ব পদক্ষেপে বিস্মিত আমলা মহল
বর্তমান | ২৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার বিধানসভা ভোট পরিচালনার জন্য রীতিমতো পরীক্ষায় বসতে হল রাজ্যের ডিএম-এসপিদের! রেহাই পাচ্ছেন না বিভিন্ন শহরের পুলিশ কমিশনার বা সিপিরাও। স্মরণাতীতকালে তো বটেই, অতীতের কোনো ভোটেও রাজ্যের ডিএম, এসপি বা সিপির মতো শীর্ষ আমলাদের এমন পরীক্ষায় বসতে হয়নি। মানছে আমলা মহল। স্বভাবতই জাতীয় নির্বাচন কমিশনের (ইসিআই) এই অভূতপূর্ব সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত তাঁরা।
আক্ষরিক অর্থেই কার্যত দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। পর্যবেক্ষক মহলের একাংশের মতে, এবারের উত্তেজনাপূর্ণ বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের ডিএম, এসপিদের প্রস্তুতিতে কোনো খামতি ছিল কি না, তা হাতেকলমে যাচাই করতে চাইছে ইসিআই। এজন্য সব জেলার ডিএম, এসপি থেকে ডিআইজি, আইজি, এডিজি পর্যন্ত—সকলকেই ইসিআই পরিচালিত এই পরীক্ষায় বসতে হয়েছে। কারণ, রাজ্য প্রশাসনের ডিএম, এসপি, সিপির মতো শীর্ষকর্তাদের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থেকে বুথে প্রিসাইডিং অফিসাররা ভোট পরিচালনা করবেন।
রাজ্য প্রশাসনের এক সূত্র জানাচ্ছে, বুধবার বিকেল ৫টা থেকে নির্বাচন কমিশন পরিচালিত একটি অনলাইন পরীক্ষা হয়েছে। এতে মোট ৩০টি প্রশ্ন ছিল। প্রশ্নপত্রটি মাল্টিপল চয়েস আকারে সাজানো ছিল। কবে থেকে মডেল কোড অব কনডাক্ট চালু হয়েছে? কখন আপনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবেন? এই ধরনের প্রশ্নমালায় সাজানো ছিল এই অভিনব পরীক্ষা। তবে এই অনলাইন পরীক্ষায় নেগেটিভ মার্কিং ছিল কি না তার উল্লেখ ছিল না। তেমনি কত নম্বর পেলে ডিএম, এসপিরা পরীক্ষায় পাশ করবেন তাও বলা হয়নি।
তবে নির্বাচন কমিশনের এমন বেনজির সিদ্ধান্ত নিয়ে রীতিমতো মশকরা চলছে এরাজ্যের আমলা মহলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষস্থানীয় আমলা হাসতে হাসতে বলেন, ‘অনেকদিন বাদে মনে হল আবার যেন কলেজে ভরতি হয়েছি!’