• পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মা-ই, টিকিট পেলেন না দুই বিদায়ী বিধায়ক
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সব জল্পনার অবসান। বিজেপির টিকিটে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন আর জি কর-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের মা। বুধবার বিজেপির তরফে বাংলার ১৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেখানে পানিহাটি কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসাবে অভয়ার মা রত্না দেবনাথের নাম জানানো হয়েছে। তৃতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষিত হলেও এখনও রাজ্যের সমস্ত কেন্দ্রে প্রার্থীর নাম জানাতে পারেনি বিজেপি। ১৯টি কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা ঝুলে রয়েছে। তাছাড়া, ইংলিশবাজারের বর্তমান বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এবার টিকিট পাননি।  প্রার্থী করা হয়েছে অম্নান ভাদুড়িকে। কোচবিহার দক্ষিণের বিদায়ী বিধায়ক নিখিলরঞ্জন দের বদলে টিকিট দেওয়া হয়েছে রথীন্দ্রনাথ বসুকে। এছাড়া উত্তরপাড়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে।

    ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় ৩১ বছর বয়সি মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ-বিদেশে। মেয়ের বিচারের দাবিতে লাগাতার আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় হেঁটেছেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের দাবি মেনে ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় সরকারি তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। পরবর্তীতে সিবিআই ও নরেন্দ্র মোদি সরকারের ভূমিকা নিয়ে সমালোচনায় মুখর হন রত্নাদেবী। মেয়ের খুনিদের আড়াল করার মারাত্মক অভিযোগ তোলেন অভয়ার মা-বাবা। মাস কয়েক আগে বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। শেষ মুহূর্তে তাও ভেস্তে যায়। 

    কয়েকদিন আগে নির্যাতিতার বাবা-মা অনলাইনে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন। অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন তাঁদের এই সিদ্ধান্তের সমালোচনা করে। বুধবার আনুষ্ঠানিকভাবে রত্নাদেবীর নাম বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণার পরও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অভয়া আন্দোলনের নেতা ডাঃ অনিকেত মাহাতর প্রশ্ন, ‘যাদের বিরুদ্ধে অভয়ার খুনিদের আড়াল করার অভিযোগ রয়েছে, উনি সেই দলেরই প্রার্থী হলেন? রত্নাদেবীর কাছে আবেদন, ভোট ভিক্ষা করতে গিয়ে নিজের মেয়ের প্রসঙ্গ আনবেন না।’ অভয়া মঞ্চের প্রতিষ্ঠাতা তথা বামপন্থী চিকিৎসক নেতা ডাঃ তমোনাশ চৌধুরি বলেন, ‘অভয়ার মায়ের কাছে আমাদের কোনো প্রশ্ন নেই। আমাদের প্রশ্ন আছে পানিহাটির বিজেপি প্রার্থীর কাছে। অভয়া-কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা আপনি ভুলে গিয়েছেন?’ যদিও এসব প্রশ্ন বা সমালোচনাকে খুব একটা আমল দিতে নারাজ নিহত ডাক্তারি পড়ুয়ার মা। টিকিট পেয়ে রত্নাদেবীর প্রতিক্রিয়া, ‘আমি জিতলে পানিহাটির মানুষ জিতবে। আমার কিছু পাওয়ার নেই। দেওয়ার আছে পানিহাটিকে। বৃহস্পতিবার থেকে প্রচারে নামব।’ তবে অভয়ার মা-বাবার এই সিদ্ধাম্তে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন তাঁদের একাধিক প্রতিবেশী। বাড়ির আশপাশের লোকজনের বক্তব্য, ‘এটা ঠিক হল না। আমরা কেউ ভাবিনি যে উনি এমনটা করবেন।’ -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)