• ভোট ডিউটিতে ইফতার পার্টি! কমিশনের কোপে পড়লেন ৭ জন জওয়ান, ভাতা বৃদ্ধি ভোটকর্মীদের
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে উঠল নিয়ম ভঙ্গের অভিযোগ! যে কারণে সাত জওয়ানকে দায়িত্ব থেকে সরিয়ে দিল কমিশন। এর আগে নির্দেশ দেওয়া হয়েছিল, জওয়ানরা ভোটের দায়িত্বে থাকাকালীন কোথাও নিমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। অভিযোগ, সেই নির্দেশে গুরুত্ব না দিয়ে সাতজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইফতার পার্টিতে গিয়েছিলেন। মুর্শিদাবাদের সূতিতে মোতায়েন ছিলেন ওই সাত জওয়ান। 

    এই অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে কমিশন। সূত্রের খবর, অভিযুক্ত সাতজনের মধ্যে তিনজনকে প্যারা মিলিটারির কাস্টডি দেওয়া হয় সাত দিন। দু’জনকে সতর্ক করে কমিশন। দু’জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, সাত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে অন্য রাজ্যে সরিয়ে দেওয়া হয়েছে। 

    অন্যদিকে, এবার প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, কাউন্টিং পার্সোনাল, মাইক্রো অবজার্ভার ও ভোটের সঙ্গে যুক্ত অন্যান্য আধিকারিকদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। দীর্ঘদিন পর এই সংশোধন করা হল। নির্দেশিকা অনুযায়ী, ২০১৪-২০১৬ সালের মধ্যে শেষবার বড়োসড়ো সংশোধনের পর ভাতা বেড়েছিল। প্রিসাইডিং অফিসার এবং কাউন্টিং সুপারভাইজার দৈনিক ৩৫০ টাকা পেতেন। যা বেড়ে হয়েছে ৫০০ টাকা। পোলিং অফিসাররা আগে দৈনিক ২৫০ টাকা পেতেন। এখন তাঁরা পাবেন ৪০০ টাকা করে। কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা দৈনিক ২৫০ টাকা পান। এখন পাবেন ৪৫০ টাকা। গ্রুপ ডি কর্মীরা দৈনিক ২০০ টাকা পেতেন। যা বেড়ে দাঁড়াল ৩৫০ টাকা। মাইক্রো অবজার্ভারদের ভাতা দৈনিক ১ হাজার টাকা থেকে বেড়ে ২ হাজার টাকা হয়েছে। এছাড়া, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভাতাও বৃদ্ধি করেছে কমিশন।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)