• চাপের মুখে ভোলবদল, গ্যাস বুকিংয়ের সময়সীমা ফের ২৫ দিন, ৩৫ দিনের ফতোয়া স্রেফ অস্বীকার কেন্দ্রের, দায় সোশ্যাল মিডিয়ার উপর
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একবার সিলিন্ডার ডেলিভারির পর পরবর্তী বুকিংয়ের জন্য অপেক্ষা করতে হবে ৩৫ দিন। রান্নার গ্যাস নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় নয়া নিয়ম চালু করেছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। পেট্রলিয়াম মন্ত্রকের নির্দেশেই যে সেই নিয়ম চালু হয়েছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। আচমকা এমন সরকারি ‘ফতোয়া’য় তোলপাড় শুরু হয় গ্রাহক মহলে। সম্ভবত সেই চাপেই ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল মোদি সরকারের। বুধবার নিয়মে ফের বদল আনা হল। সেটাও ৩৫ দিনের ফতোয়াকে সরাসরি অস্বীকার করে। সাফ জানানো হল, সিলিন্ডার ডেলিভারি ও পরবর্তী বুকিংয়ের মধ্যে ২৫ দিনের ব্যবধানই বলবৎ থাকছে।

    কেন্দ্র অবশ্য এই ডিগবাজির দায় নিজে নেয়নি। সেই দায় তারা চাপিয়েছে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার উপর। বিবৃতি দিয়ে পেট্রলিয়াম মন্ত্রক দাবি করেছে, বুকিংয়ের জন্য ৩৫ দিন অপেক্ষা করার যে খবর সামনে এসেছে, তা ঠিক নয়। নিয়মে কোনো বদল আনা হয়নি। আগেও ২৫ দিনের ব্যবধান ছিল, এখনও আছে। খোদ কেন্দ্রীয় সরকারের তরফে এই মিথ্যাচার দেখে চটে লাল গ্যাস ডিস্ট্রিবিউটররা। তাদের বক্তব্য, ৩৫ দিনের নিয়ম চালু করে মঙ্গলবার সফটওয়্যারে বদল এনেছিল তেল সংস্থাগুলি। বুধবার তা ফের বদলে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। এমনকি, যে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে নয়া নিয়মের কথা জানিয়েছিলেন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার আধিকারিকরা, সেটিও মুছে দেওয়া হয়। তারপরই কেন্দ্র ঘোষণা করে, গুজবে কান দেবেন না! কোনো নিয়ম বদল হয়নি। সরকারের পক্ষে প্রকাশ্যে কীভাবে এই দ্বিচারিতা করা সম্ভব, তার তল পাচ্ছেন না ডিস্ট্রিবিউটররা। 

    প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এদিন প্রেস বিবৃতিতে কী জানিয়েছে? তাদের বক্তব্য, কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় একটি খবর সামনে এসেছে, যেখানে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা ডেলিভারির ৪৫ দিন পর, দু’টি সিলিন্ডার সংযোগ থাকা গ্রাহকরা ৩৫ দিন পর ও একটি সিলিন্ডার সংযোগ থাকা গ্রাহকরা ২৫ দিন পর ফের বুকিং করতে পারবেন। এই সংবাদের কোনো ভিত্তি নেই। দেশবাসী যেন এই ভুল তথ্যটি বিশ্বাস না করেন এবং তা যেন প্রচার না করেন। প্যানিক বুকিং করবেন না। সিলিন্ডারের পর্যাপ্ত স্টক আছে। বর্তমান নির্দেশ অনুযায়ী, শহরের গ্রাহকরা ২৫দিন পর এবং গ্রামের গ্রাহকরা ৪৫ দিন পর বুকিং করতে পারবেন। এক্ষেত্রে উজ্জ্বলা, ডাবল ও সিঙ্গল সিলিন্ডার সংযোগের মধ্যে কোনো তফাৎ করা হবে না। একই কথা জানিয়ে বিবৃতি দিয়েছে পেট্রলিয়াম মন্ত্রকও।

    গোটা বিষয়টি নিয়ে সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উঠেছে। এপ্রসঙ্গে অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের সহ সভাপতি বিজনবিহারী বিশ্বাস বলেন, ‘রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে সফটওয়্যারে পরিবর্তন এবং মেসেজে নির্দেশ পাঠানোর বিষয়টি কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয়। তারপরও সরকারিভাবে ঘোষণা করা হল, ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক। বারবার নিয়মে পরিবর্তন গ্রাহকদের বিভ্রান্ত করছে।’ ডিস্ট্রিবিউটরদের একাংশের বক্তব্য, নিয়মে বারবার বদল এনে সরকার ঩নিজেই প্যানিক বুকিংয়ে বাধ্য করছে গ্রাহকদের।       
  • Link to this news (বর্তমান)