• গড়িয়ার পার্লারে ‘আত্মঘাতী’ যুবকের দেহেও ক্ষত চিহ্ন
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গড়িয়ায় বিউটি পার্লারের মালকিন খুন কাণ্ডে নয়া তথ্য উঠে এল। মৃত ‘প্রেমিক’ পঙ্কজ নাথের বুকেও একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনই ইঙ্গিত মিলেছে। মনে করা হচ্ছে, গৃহবধূ রূপবাণী দাসকে ক্ষুর দিয়ে আক্রমণ করার সময় প্রেমিকের সঙ্গে তাঁর হাতাহাতি হয়ে থাকতে পারে। তাতেই ক্ষুরের আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আরও জানা গিয়েছে, পার্লারের ভিতর একটি ঘরে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছিল। কিন্তু দরজা বন্ধ থাকায় তখন সেখানে কেউ যেতে পারেননি। তাই প্রকৃত তথ্য এখনও সামনে আসেনি। ময়নাতদন্তের পুরো রিপোর্ট এলে আরও স্পষ্ট হবে কীভাবে মৃত্যু এবং পঙ্কজের ক্ষত কতটা গভীর। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে এক যুবক বিউটি পার্লারে ঢুকে ক্ষুর দিয়ে কুপিয়ে খুন করেন রূপবাণী দাসকে। গলা কেটে আত্মহত্যা করেন যুবকও। অভিযুক্ত হরিয়ানার বাসিন্দা। 

    এদিকে, পুলিশ তদন্তে জানতে পেরেছে, সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল রূপবাণী ও পঙ্কজের। তারপর দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সূত্রে স্বামীর বাড়ি ছেড়ে বেপাত্তা হয়ে গিয়েছিলেন স্ত্রী। যদিও পরিবারের দাবি, রূপবাণীকে প্রলোভন দেখিয়ে বা ফুসলিয়ে হরিয়ানা নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। পুলিশের তদন্তে এরকম কিছু তথ্য এখনও উঠে আসেনি। তারা সব দিক খতিয়ে দেখছে। কীভাবে দু’জনের যোগাযোগ হল জানার চেষ্টা চলছে। তবে পঙ্কজের সঙ্গে রূপবাণীর সম্পর্কের কথা বাড়ির লোক জেনে গিয়েছিল। বাড়িতে এই নিয়ে কোনো অশান্তি হয়েছিল কি না, সেটা অবশ্য এখনও স্পষ্ট নয়। বাড়ির লোকজনের তরফে পুলিশকে বিশেষ কিছু জানানো হয়নি বলে তদন্তকারীরা জানান। মৃত পঙ্কজের বাড়ির লোকজনকে খবর দেওয়া হলেও বুধবার রাত পর্যন্ত কেউ আসেনি বলে জানা গিয়েছে। মৃতের স্বামী এদিন নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন।
  • Link to this news (বর্তমান)