কমিশনের নিদান, কোর্টে মুচলেকা দিতে হবে শ্রাবন্তীকে, একুশের ভোট পরবর্তী হিংসায় বেহালা থানায় এফআইআর
বর্তমান | ২৬ মার্চ ২০২৬
সুজিত ভৌমিক, কলকাতা: ‘টলিউড কুইন’ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করল কলকাতা পুলিশ। বেহালা থানায় এই তারকা অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কলকাতা পুলিশের এক বিশেষ সূত্রে জানাচ্ছে, ‘চলতি মাসের ২১ তারিখে টলিউডের এই তারকা অভিনেত্রীর বিরুদ্ধে ফৌজদারি আইনের ১০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।’
বেহালা থানা এই মামলা দায়ের করায় অভিনেত্রীকে প্রথমে শো-কজ করবেন স্থানীয় স্পেশাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ফলে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে। এমনকি তাঁকে একটি মুচলেকা দিয়ে জানাতে হবে, এবারের ভোটে তিনি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। কোনোভাবে বিশৃঙ্খলায় জড়াবেন না। তবে এই মুচলেকার শর্ত লঙ্খন করলে, অভিনেত্রীর সাজা হতে পারে। এনিয়ে প্রতিক্রিয়া জানতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বারবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানতে টেক্সট মেসেজ পাঠানো হলেও রাত পর্যন্ত উত্তর আসেনি।
উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালার পশ্চিম বিধানসভা কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিনেত্রীকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু ৫০ হাজারের বেশি ভোটে তিনি হেরে যান। ভোটে হারার পর ২০২১ সালের নভেম্বর মাসে দল ছাড়েন শ্রাবন্তী।
২০২১ সালে রাজ্যে বিধানসভা ভোট চলাকালে ৮ এপ্রিল বেহালায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ডায়মন্ডহারবার রোড আটকে মিছিল করে বিক্ষোভ দেখানোর অভিযোগে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ তিনজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন বেহালা থানার পুলিশ অফিসার। যদিও ২০২৩ সালে লোক আদালতে এই মামলার নিষ্পত্তি হয়েছে।
এবার বিধানসভা ভোটের অনেক আগে থেকে কড়াকড়ি শুরু করেছে নির্বাচন কমিশন। বিশেষ করে, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা ইস্যু নির্বাচন কমিশনের কাছে ‘অতি স্পর্শকাতর ইস্যু’। তাই ২০২১ সালের ভোটে যাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, তাঁদের সবার বিরুদ্ধে ফৌজদারি আইনের ১০৭ এবং ১১০ ধারায় মামলা দায়ের করতে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এমনকি ভিনরাজ্য থেকে আসা পুলিশ পর্যবেক্ষকরা এই ইস্যুতে কলকাতা পুলিশকে বারবার সতর্ক করেছে। এই মামলা দায়ের না হলে, কড়া শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে। কমিশনের নির্দেশ পাওয়ার পর রীতিমতো ধর্ম সংকটে পড়ে বেহালা থানার পুলিশ। কারণ, বিজেপি ছাড়ার পর অভিনেত্রী রাজ্যের শাসক দল তৃণমূল শিবিরে নাম লিখিয়েছেন। শ্রাবন্তীর সঙ্গী দু’জনের বিরুদ্ধে প্রথমে ১০৭ ধারায় মামলা দায়ের হয়। পরে ২১ মার্চ অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করে বেহালা থানা।