বিজেপি প্রার্থী ‘ভুয়ো ডাক্তার’? বসিরহাট দক্ষিণে চাঞ্চল্য
বর্তমান | ২৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: সবে শুরু হয়েছে নির্বাচনি প্রচার। সবক’টি দল রাজ্যের সব আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে উঠতে পারেনি। এখনো রাজ্যের ১৯টি কেন্দ্রে তাদের প্রার্থীর নাম জানাতে পারেনি বিজেপি। তবে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের প্রার্থীর নাম তারা আগেই জানিয়ে দিয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী এই কেন্দ্রে পদ্ম-প্রতীকে প্রার্থী হয়েছেন ডাঃ শৌর্য বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদৌ কি তিনি ডাক্তার? এই প্রশ্নে শুরু হয়েছে জোর জল্পনা।
এক আইনজীবী তৃণমূল নেতার করা আরটিআইয়ের ভিত্তিতে যাবতীয় জল্পনার সূত্রপাত। ওই তৃণমূল নেতার দাবি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের একটি নোটিসে বলা হয়েছে, ডাঃ সূর্য ব্যানার্জি বা অনুরূপ কোনো নাম রাজ্যের নথিভুক্ত চিকিৎসকদের তালিকায় নেই। এমনকি, ডাঃ সুরজ ব্যানার্জি কিংবা ডাঃ শৌর্য ব্যানার্জি নামেও কোনো রেজিস্ট্রেশন খুঁজে পাওয়া যায়নি। যদিও বহুদিন ধরেই নিজেকে চিকিৎসক হিসাবেই পরিচয় দিয়ে আসছেন শৌর্যবাবু। তিনি কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় নিয়মিত প্র্যাকটিস করেন। এলাকায় বিনামূল্যে চিকিৎসা শিবিরও করেন। এ প্রসঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায় বলেন, ‘আমাদের রেজিস্টারে এই নামে কোনো চিকিৎসকের উল্লেখ নেই। তবে তিনি অন্য রাজ্যের কোনো মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত কি না, তা আমাদের জানা নেই।’ বিজেপি প্রার্থী বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। কাউন্সিলের পক্ষ থেকে নোটিস পেলে আমি এর জবাব দেব।’
এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরেই। আরএসএসের বিভিন্ন কর্মসূচিতে শৌর্যবাবুকে সক্রিয় দেখা গেলেও তাঁর ডাক্তার পরিচয়ের দিকটি কি ভালোভাবে খতিয়ে দেখেনি দলের শীর্ষ নেতৃত্ব? বসিরহাটে গেরুয়া শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমন একাধিক প্রশ্ন। তৃণমূলও ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে নেমে পড়ার তোড়জোড় চালাচ্ছে বলে খবর। এনিয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বলেন, ‘চিকিৎসার নামে প্রতারণা ভয়ানক অপরাধ। বিষয়টি আমরাও শুনেছি। দলগতভাবে থানা ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানাব।’ তবে বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় অবশ্য সংযত প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর কথায়, ‘বিষয়টি খোঁজ নিয়ে তবেই মন্তব্য করা উচিত।’ বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা বিজেপির সংগঠন ও ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বসিরহাট দক্ষিণের মতো সংবেদনশীল কেন্দ্র, যেখানে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ, সেখানে প্রার্থীকে ঘিরে এই বিতর্ক নির্বাচনি সমীকরণ বদলে দিতে পারে বলেও মনে করছেন অনেকে।
রাজনৈতিক মহলের মতে, এই জল্পনা ভোটের আগে বড়ো ধাক্কা বিজেপির কাছে। বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ‘ভুয়ো ডাক্তারি’র জল্পনা উস্কে যেতেই ‘চাপে’ পড়েছে পদ্মশিবির! রাজনৈতিকমহলে প্রশ্ন উঠছে—প্রার্থী বাছাইয়ে কি তবে ন্যূনতম যাচাইও করেনি বিজেপি? গেরুয়া শিবির এই পরিস্থিতি কীভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার।