• রামনবমীর সশস্ত্র মিছিল থেকে ‘পদ্মে’ ভোটের স্লোগান প্রার্থীর
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রামনবমীর আগের দিন সাঁকরাইলে প্রকাশ্য রাস্তায় তলোয়ার, গদা হাতে মিছিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। নির্বাচনি আচরণবিধি বলবৎ থাকায় এমন সশস্ত্র শোভাযাত্রা কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার সঙ্গে মিছিলজুড়ে অহরহ বিজেপিকে ভোট দেওয়ার স্লোগান এবং ওই মিছিলে বিজেপি প্রার্থী বর্ণালী ঢালির উপস্থিতি গোটা ঘটনাকে বড়ো মাত্রা দিয়েছে।

    বুধবার বিকালে রাজগঞ্জ গঙ্গার ঘাট থেকে মানিকপুর পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার পথজুড়ে এই মিছিল হয়। অংশগ্রহণকারীদের একাংশের হাতে ছিল তলোয়ার ও গদা। ‘জয় শ্রী রাম’ ধ্বনির পাশাপাশি বারবার শোনা যায় বিজেপির পক্ষে ভোটদানের স্লোগান। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মিছিলটি কার্যত শক্তি প্রদর্শনের চেহারা নেয়। মিছিল শুরুর সময় সেখানে উপস্থিত থাকতে দেখা যায় সাঁকরাইলের বিজেপি প্রার্থী বর্ণালী ঢালিকে। এই মিছিলের উদ্যোক্তা ‘বিবেকানন্দ সেবা সংগঠন’। সংগঠনের সভাপতি সহদেব থান্ডার বলেন, ‘অস্ত্র নিয়ে মিছিল করলে অসুবিধা কোথায়? দেবদেবীর হাতেও তো অস্ত্র থাকে। আমরা তো অসুরের বিরুদ্ধে লড়াই করছি। হাওড়া জেলার ঘরে ঘরে আতঙ্কবাদী রয়েছে। সব জেনেও প্রশাসন চুপ করে আছে। ২৬ বছর ধরে আমরা এই রীতি মেনেই সশস্ত্র মিছিল করে আসছি, তাতে সমস্যা কোথায়?’

    মিছিল ঘিরে সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ একে ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ বলেই ব্যাখ্যা করেছেন। তবে আয়োজকদের মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। সাঁকরাইল কেন্দ্রের তৃণমূল সভাপতি অমৃত বোস পালটা বলেন, ‘নির্বাচনি আচরণবিধি চলাকালীন কীভাবে এই ধরনের অস্ত্র মিছিল হল, সেটাই বড়ো প্রশ্ন। এই মিছিলে নির্বাচন কমিশনের অনুমতি ছিল কি না, তা আমরা জানতে চাইব। সহদেববাবু নিজেও বিজেপির প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন। টিকিট না পেয়ে এখন উস্কানিমূলক কথা বলছেন। আসলে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলেই এই ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। মানুষ এর জবাব ভোটবাক্সে দেবেন।’

    শিবপুরের কাজিপাড়ায় রামনবমীর মিছিল ঘিরে অতীতে অশান্তির জেরে হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, সেখানে কোনোভাবেই সশস্ত্র মিছিল করা যাবে না। সেই আবহে সাঁকরাইলে এই ঘটনা ঘিরে প্রশ্ন আরও জোরালো হয়েছে। যদিও হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, ‘সংশ্লিষ্ট সংগঠন নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই মিছিল করেছে।’ তবুও নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় সশস্ত্র মিছিল এবং তার সঙ্গে প্রকাশ্য রাজনৈতিক স্লোগানকে ঘিরে বিতর্ক আপাতত থামার কোনো লক্ষণ নেই।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)